জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে আত্মপক্ষ সমর্থন করতে ৭ এপ্রিল আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করার পর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এ মামলায় ৩২ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। গত ৭ জানুয়ারি তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ সাক্ষ্য দেন। গতকাল তাঁকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। আদালত সাক্ষ্য সমাপ্ত করে আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন।
এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, ওই দিন (৭ এপ্রিল) খালেদা জিয়াকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। যদি উপস্থিত না থাকেন, তবে আদালত তাঁকে পলাতক দেখিয়ে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করতে পারেন।
ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠ-সংলগ্ন অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
গতকালও খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি উল্লেখ করে তাঁর পক্ষে সময় চেয়ে আদালতে আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। অন্য তিন আসামি হলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এঁদের মধ্যে হারিছ চৌধুরী পলাতক রয়েছেন। অন্যরা জামিনে আছেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলাও একই আদালতে বিচারাধীন।