
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষের ফটকের সামনে নানা আকারের লোহার ফ্রেম ও কালো পর্দার জ্যামিতিক বিন্যাসের এক স্থাপনাকর্ম। ফ্রেম ও পর্দার বিভিন্ন কোণ থেকে বিচ্ছুরিত লেজার রশ্মি ও আলোক প্রক্ষেপণ সৃষ্টি করেছে আলো-আঁধারির নান্দনিক বৈপরীত্য। তার মাঝে মাঝে কতগুলো নাম ফুটে উঠছে পর্দায়—ফারাজ, অবিন্তা, তারিশি, ইশরাত....। নামগুলো এখন সবার চেনা। একই সঙ্গে বেদনা, বীভৎস ও সাহসিকতার সঙ্গে জড়িয়ে আছে নামগুলো। হলি আর্টিজানে নিহত ব্যক্তিদের স্মরণ করেই প্রথম আলো আয়োজন করেছে ১৮ বছর পূর্তি উপলক্ষে ‘আত্ম/পরিচয়’ নামে নবীন শিল্পীদের কাজ নিয়ে এই দৃশ্যশিল্প প্রদর্শনীর।
আজ শনিবার বিকেল চারটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন, প্রদর্শনীর কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমান প্রমুখ। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
প্রদর্শনীটি ভিন্নতর। একটি নির্দিষ্ট বিষয়-ভাবনাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের একঝাঁক শিল্পী বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম এতে উপস্থাপন করেছেন। তাতে ঘটেছে বৈচিত্র্যের ভেতরে ঐক্যের উন্মেষ। সেই ঐক্য আত্ম-অন্বেষণের। ‘আমি কে’ এই জিজ্ঞাসা চিরন্তন। নতুন প্রজন্মের শিল্পীদের ভাবনায় আত্মপরিচয় কীভাবে ধরা দেয়, তার প্রকাশ ঘটেছে প্রদর্শনীর শিল্পসম্ভারে। এতে আছে চিত্রকলা, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, ভিডিও চিত্র, স্থাপনা, আলো, শব্দসহ বিভিন্ন মাধ্যমের কাজ। অনূর্ধ্ব ৩৫ বছরের ২৬ জন শিল্পীর শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। প্রতিটি কাজ আপন ব্যঞ্জনায় স্বতন্ত্র, সবগুলো মিলে আবার সৃষ্টি করেছে এক বিপুল ঐকতান। এর সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় থাকবে পারফরম্যান্স আর্ট। সব মিলিয়ে মোট ৪৩ জন শিল্পীর সংশ্লিষ্টতা রয়েছে এই প্রদর্শনীতে।
ধর্ম, ভাষা, দেশ, জাতীয়তা, লিঙ্গ ইত্যাদি নিরিখে বহুভাবেই মানুষের পরিচয়। আন্তর্জাতিক ও দেশীয় নানা ঘটনা, পরিপ্রেক্ষিত, সাংস্কৃতিক প্রভাব আত্মপরিচয়ের ধারণা পরিবর্তনে প্রভাব রাখে। তখন সংকট সৃষ্টি হয়। কখনো কখনো এই সংকট তীব্র হয়ে ওঠে। হিংসা, হানাহানির ঘটনা ঘটে। আবার এ থেকে উত্তরণের পথও রয়েছে এই আত্ম-অনুসন্ধানের ভেতরেই। এসব তরুণ প্রজন্মের শিল্পীদের মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করছে, তা তুলে ধরতে চেষ্টা করা হয়েছে এই প্রদর্শনীতে। বললেন কিউরেটর ওয়াকিলুর রহমান। তাঁর সঙ্গে যৌথভাবে কিউরেটরের দায়িত্ব পালন করছেন কেহ্কাশা সাবাহ।
প্রদর্শনীতে আত্ম-অনুসন্ধানের পাশাপাশি পরিবেশে বিপর্যয়ের প্রভাব, বিশেষ করে উন্নয়নের প্রকল্প পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর কেমন প্রভাব ফেলে, সেই দিকটিও আছে। এমনি একটি শিল্পকর্ম দেখা যাবে সুন্দরবন নিয়ে। ভিডিও চিত্র ও ভাস্কর্য নিয়ে একটি স্থাপনাকর্মে দেখানো হয়েছে বেঙ্গল টাইগারের বিপন্নতা। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম প্রাত্যহিক জীবনযাত্রায়, জনমত গঠনে যে বিপুল ও বহুমাত্রিক প্রভাব-প্রতিক্রিয়ার সৃষ্টি করছে, তা-ও প্রদর্শনীর একটি বড় অংশ জুড়ে আছে।
প্রদর্শনীর ভাবনা সম্পর্কে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বললেন, ‘গত ১ জুলাই হলি আর্টিজানে হামলা একটি বড় ঘটনা। দেশে বিচিত্র পরিচয়ের মানুষ আছে, থাকবে। কিন্তু এই বহুমাত্রিকতাকে সংকুচিত করার একটি প্রচেষ্টাও আছে। তবে আমরা তরুণদের ওপর আস্থা রাখতে চাই। তরুণেরা আমাদের ইতিহাসের মহৎ অর্জনের জন্য আত্মদান করেছেন। হলি আর্টিজানেও ফারাজের মতো তরুণেরা সেই দৃষ্টান্তকে আরও মহিমান্বিত করেছেন।’ দর্শক আসুন, দেখুন নিজের ভাবনার সঙ্গে তারুণ্যের নান্দনিক ভাবনা মেলে কি না। ভাবনা যাঁর যেমনই হোক, প্রদর্শনীতে এলে শিল্পরস অনুভবের আনন্দ মিলবে ষোলো আনা।