ছাত্রীদের আত্মপ্রত্যয়ী করে তুলতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালে শহীদজননী জাহানারা ইমাম হল উদ্যোগ নিয়েছিল কারাতে প্রশিক্ষণের। চার বছর প্রশিক্ষণের পর গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রশিক্ষণের ব্ল্যাক বেল্ট অর্জনকারীদের স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন শিকড়ের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শহীদজননী জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে বর্তমান উপাচার্য আমিনুল হক ভূঁইয়া ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বক্তব্য দেন। ছাত্রীদের হাতে বেল্ট তুলে দেন মো. সালেহ উদ্দিন।
ব্ল্যাক বেল্ট পাওয়া ছাত্রীরা হচ্ছেন: ঝুমুর দেব, ফারহানা ফেরদৌস শিউলী, আমিনা সুলতানা, জয়তি দত্ত, লাকী বেগম, শারমিন সুলতানা কনা, উম্মে মরিয়ম চৌধুরী, সাবিহা তাসনিম জেসি, সাথী রানী শর্মা, তানিশা ইয়াশফা চৌধুরী ও কারিব সুলতান চৌধুরী। এর আগে শুক্রবার বেলা পৌনে তিনটা থেকে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।