নারী বিজ্ঞানীকে একই সঙ্গে গবেষণা ও পরিবার সামলাতে হয়। তাই হাল ছেড়ে না দিয়ে আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে গবেষণায় আরও আগ্রহী হতে হবে। তাঁদের পরিবার ও কর্মক্ষেত্রে সহযোগিতা ও উৎসাহ দিতে হবে। একই সঙ্গে পুরুষদের মনোভাবের ইতিবাচক পরিবর্তন আনাও জরুরি।
গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে এক সম্মেলনে দেশি-বিদেশি নারী বিজ্ঞানীরা এ কথা বলেন। বিজ্ঞান গবেষণায় নারীর অংশগ্রহণকে আরও উৎসাহিত করতে ‘নারী বিজ্ঞানীদের সাফল্য এবং বাধাসমূহ’—এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, দ্য গ্লোবাল নেটওয়ার্ক অব সায়েন্স একাডেমিস ও দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস-রিজিওনাল অফিস ফর সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া যৌথভাবে তিন দিনব্যাপী তরুণ বিজ্ঞানীদের সম্মেলনের আয়োজন করে। গতকাল তৃতীয় দিন ছিল নারী বিজ্ঞানীদের সম্মেলন।
গতকাল সকালে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অবস্থান আছে। শুধু বিজ্ঞান গবেষণায় আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আরও উৎসাহিত করতে পারলে মেয়েদের বিজ্ঞানী বানানো কঠিন কোনো কাজ নয়।’
প্রতিমন্ত্রী আরও বলেন, নারীর বিজ্ঞানে উৎসাহ কম থাকাটা দুঃখজনক। সবার আগে পরিবারের সহযোগিতা প্রয়োজন। উৎসাহ দিলে গবেষণায় মেয়েরা ছেলেদের তুলনায় ভালো করবেন। মেয়েরা ছেলেদের চেয়ে একটু ধীর, স্থির ও ঠান্ডা চিত্তে চিন্তা করেন। তাই মেয়েদের কাজ সন্তোষজনক হবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী।
সকালের অধিবেশনে সভাপতির বক্তব্যে অধ্যাপক হাজেরা মাহতাব বলেন, ‘আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হই, তখন নারীর অংশগ্রহণ ছিল মাত্র ১০ শতাংশ। আমার স্বামী আমাকে সমর্থন করেছিল। আমাদের সমাজে নারীদের এগিয়ে নিতে অনেক বেশি করে সমর্থন ও সহযোগিতা দরকার।’
দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে করণীয়, টেকসই উন্নয়ন ও জীবনযাত্রা, জ্বালানি-সংকট মোকাবিলা এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে উদ্যোক্তা বিষয়ে উপস্থাপনা।
বিকেলের অধিবেশনে নেপাল, ভারত ও বাংলাদেশের তরুণ নারী বিজ্ঞানীরা গবেষণায় বাধা ও মোকাবিলাসমূহ উত্তরণে করণীয় এবং তথ্যপ্রযুক্তিতে নারীর ক্ষমতায়নবিষয়ক আলোচনা উপস্থাপন করেন। এরপর নারী বিজ্ঞানীরা ও বিজ্ঞান শিক্ষার্থীরা দলগত আলোচনায় অংশ নেন।
নেপালের তরুণ গবেষক অঞ্জনা সিং দেশটিতে বিজ্ঞান গবেষণায় নারীদের অংশগ্রহণ সম্পর্কে বলেন, মান্ধাতা আমলের ধ্যান-ধারণা আর সফল নারী বিজ্ঞানীর দৃষ্টান্তের অভাবে সেখানকার নারীরা বিজ্ঞান গবেষণায় কম আগ্রহী। এই বৈষ্যম্য কমাতে নারীদের পুরুষের সঙ্গে সমানতালে গবেষণা করতে হবে।
পাকিস্তান একাডেমি অব সায়েন্সের ফেলো আজরা খানম বলেন, তাঁদের একাডেমিতে নারী গবেষকের অংশগ্রহণ মাত্র ১২ শতাংশ। তিনি বলেন, ‘নারী বিজ্ঞানীদের সবচেয়ে বেশি প্রয়োজন বাবা-মা বা স্বামীর সহযোগিতা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামিমা কে চৌধুরী পরিবার ও প্রাতিষ্ঠানিক অসহযোগিতা এবং পুরুষ সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারাকে নারী বিজ্ঞানীদের জন্য বাধা বলে মনে করেন। তিনি বলেন, অন্য অনেক দেশের তুলনায় এ দেশের মেয়েরা বিজ্ঞান গবেষণায় বেশি যুক্ত। অনেক নারী বিজ্ঞানী পরিবার ও সন্তানকে সময় দিতে গিয়ে ছুটি নেন, কিন্তু পরে গবেষণায় আর ফিরতে পারেন না। আত্মবিশ্বাস গড়ে উঠলে আর পারিপার্শিক সহযোগিতামূলক পরিবেশ পেলে বিজ্ঞানে নারীদের আরও অংশগ্রহণ বাড়বে।
সাউথইস্ট ইউনিভার্সিটির তরুণ গবেষক ও শিক্ষক সায়েমা খানম বলেন, নারী বিজ্ঞানীদের নিয়ে এ রকম আসর শিক্ষার্থীদের মৌলিক গবেষণায় উৎসাহ দেবে। তিনি বলেন, ‘আমার ছেলে স্কুলে পড়ে। আবার পরিবারকে সময় দিয়েই গবেষণার কাজ চালাতে হয়। তাই পরিবার আর কর্মক্ষেত্রের সমর্থনটা অনেক জরুরি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পিয়া চৌধুরী তাঁর ১৪ জন সহপাঠীর সঙ্গে সম্মেলনে যোগ দেন। তিনি বলেন, তাঁর মৌলিক গবেষণায় আগ্রহ আছে। সম্মেলনে এসে নারী বিজ্ঞানীদের কাজের নানা দিক সম্পর্কে জেনে তিনি বেশ খুশি।