আত্মবিশ্বাসী আওয়ামী লীগ নানা অভিযোগ বিএনপির

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে গতকাল বুধবার বিএনপির প্রার্থীদের মুখে মুখে ছিল নানা অভিযোগ। নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে তাঁদের অভিযোগ। তবে আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে জয়ের ব্যাপারে ছিলেন আত্মবিশ্বাসী।
গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই দলের প্রার্থীরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করতে সরকার নতুন নতুন আইন দেখাচ্ছে। আইন অনুযায়ী সর্বোচ্চ আদালতে দোষী সাব্যস্ত না হলে যে কেউ নির্বাচন করতে পারবেন। এখন সরকার আইনের অপব্যাখ্যা দিয়ে খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করছে। আপিলের ব্যবস্থা আছে। কিন্তু সরকার সেটাও অমান্য করছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবারের নির্বাচন ২০১৪ সালের মতো পুনরাবৃত্তি হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে আশঙ্কা আছে। সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করার জন্য প্রক্রিয়া চালাচ্ছে।
গতকাল দুপুরে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী আবদুল্লাহ আল নোমান। মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। ভোটাধিকার রক্ষা ও জাতীয় সমস্যা সমাধানের জন্য তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ঐক্য হয়েছে। তবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন ও নির্বাচন কমিশন সরকারের পদলেহী ও তল্পিবাহক হিসেবে আচরণ করে যাচ্ছে।
আবদুল্লাহ আল নোমানের পরেই চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে মনোনয়নপত্র জমা দেন ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হলে জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো বসে ঠিক করবে, দেশের ভবিষ্যৎ কী হবে। নতুন প্রজন্মকে দুবার ভোট দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। এবার তাঁরা ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগ নেতারা একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন। পরে তাঁরা আলাদাভাবে সাংবাদিকদের মুখোমুখি হন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আচরণবিধির প্রতি শ্রদ্ধা রেখে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। ইভিএম নিয়ে মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি নেই।
নির্বাচনে সমান সুযোগ সৃষ্টি না হওয়ার ব্যাপারে বিএনপি প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জাসদ নেতা মইন উদ্দীন খান বাদল সাংবাদিকদের বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই তৈরি হয়েছে। আমরা যারা এমপি আছি, তারা কোনো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছি না। সরকারি কোনো কর্মসূচিতে যাচ্ছি না। তাঁরা (বিএনপি) যেসব অভিযোগ করছেন, তার কোনো ভিত্তি নেই।’
আওয়ামী লীগের আরেক প্রার্থী আফছারুল আমীন সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু পরিবেশ হয়নি বলছে, তবু তো তারা নির্বাচনে এসেছে।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল্লাহ আল নোমান প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি (নোমান) পুরোনো রাজনীতিবিদ। অবশ্যই উনি শক্ত প্রতিদ্বন্দ্বী। পুরাতনকে কেউ নরম করে দেখে না। আবার নতুনেরাও শক্ত অবস্থান নিয়ে চলে আসে।
মনোনয়নপত্র জমা দিলেন
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে মহিবুল হাসান চৌধুরী, শাহাদাত হোসেন, মোহাম্মদ আবু হানিফ, মো. মোরশেদ সিদ্দিকী, মোহাম্মদ দুলাল খান, আবু আজম, মৃণাল চৌধুরী, আলী নেওয়াজ খান, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মৌলভী রশিদুল হক, মো. শেখ আমজাদ হোসেন, মোহাম্মদ সমসুল আলম।
চট্টগ্রাম-১০–এ আওয়ামী লীগের মো. আফছারুল আমীন, বিএনপির আবদুল্লাহ আল নোমান, জি এম এম আতিউল্লাহ ওয়াসীম, সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ, মোশারফ হোসেন দিপ্তী, শাহজাহান চৌধুরী, কাজী মো. ইউসুফ আলী চৌধুরী, মো. আজাদ দোভাষ, মো. আনিছুর রহমান খান, মো. জান্নাতুল ইসলাম, সাবিনা খাতুন, মো. মহিন উদ্দিন।
চট্টগ্রাম-১১–এ মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের এম আবদুল লতিফ, বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, মো. লোকমান সওদাগর, অপু দাশ গুপ্ত, ক্যাপ্টেন শহীদ উদ্দিন মাহবুব, মৌলভী রশিদুল হক, আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন, মাওলানা আবু সাইদ, মো. জানে আলম, এম এ মতিন, ওমর হাজ্জাজ, মুনতাসির কাদের, মো. জসিম উদ্দিন, মো. খোশাল খান।