আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আত্মরক্ষার সামর্থ্য চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নৌঘাঁটিতে গতকাল নৌবাহিনীতে নতুন সংযুক্ত হওয়া যুক্তরাষ্ট্রের দেওয়া একটিসহ চারটি যুদ্ধজাহাজের কমিশনিং করা হয়েছে প্রথম আলো
চট্টগ্রাম নৌঘাঁটিতে গতকাল নৌবাহিনীতে নতুন সংযুক্ত হওয়া যুক্তরাষ্ট্রের দেওয়া একটিসহ চারটি যুদ্ধজাহাজের কমিশনিং করা হয়েছে প্রথম আলো

আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের নৌবাহিনীর মর্যাদা তুলে ধরতে এ বাহিনীর কর্মকর্তা ও নাবিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই। কারও সঙ্গে যুদ্ধ করার জন্য নয়, বরং আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বেঁচে থাকতেই আমাদের আত্মরক্ষার সামর্থ্য দরকার।
গতকাল সোমবার চট্টগ্রামের নেভাল একাডেমিতে নৌবাহিনীর ‘মিডশিপম্যান ২০১২ আলফা’ ও সরাসরি নিযুক্ত ২০১৩ ব্রাভো ব্যাচের কর্মকর্তাদের এক কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি আরও বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর স্বপ্নপূরণ এখন সময়ের ব্যাপার। ইতিমধ্যে নৌবহরে যুক্ত হয়েছে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও দুটি হেলিকপ্টার। শিগগিরই ঘাঁটি-সুবিধাসহ নৌবহরে যুক্ত হবে দুটি সাবমেরিনও।
এর আগে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব উপস্থিত ছিলেন।
নৌবহরে যুক্ত হলো চারটি যুদ্ধজাহাজ: রাষ্ট্রপতি দুপুরে চট্টগ্রাম নৌঘাঁটিতে নৌবাহিনীতে নতুন সংযুক্ত হওয়া চারটি যুদ্ধজাহাজের কমিশনিং করেন। চারটি জাহাজ হলো যুক্তরাষ্ট্রের দেওয়া বানৌজা ‘সমুদ্রজয়’, খুলনা শিপইয়ার্ডে তৈরি বানৌজা ‘অপরাজেয়’, ‘অদম্য’ ও অতন্দ্র’।
কমিশনিং উপলক্ষে এক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী।