আত্মরক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি পর্যন্ত করতে হয়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তারে বা প্রতিরোধে ক্ষেত্রবিশেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শক্তি প্রয়োগ, এমনকি আত্মরক্ষার্থে গুলি পর্যন্ত করতে হয়। এ ধরনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে তা তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।জাতীয় সংসদে গতকাল বুধবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। বিএনপির এ এম মাহবুবউদ্দিন এক প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না?জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো ব্যক্তি নিখোঁজ হলে বিষয়টি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি বা মামলা হিসেবে গ্রহণ করার পর বিধান অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত চালানো হয়।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।জাতীয় পার্টির মজিবুল হকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিগত সরকারের আমলে গ্যাস খাতে কোনো কাজ না হওয়ায় গ্যাস উৎপাদনে সীমাবদ্ধতা রয়েছে। যে কারণে বর্তমান সরকারকে বাধ্য হয়ে উচ্চ ব্যয়ে ডিজেল ও ফার্নেস অয়েলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের কাজ হাতে নিতে হয়। ২০০৯ সালে ফার্নেস অয়েলের দাম ছিল ২৬ টাকা লিটার, এখন ৬০ টাকা। এতে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। সরকার তেলের দামের সমস্যা সমাধানের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। শিগগিরই সব বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাবে। এতে রমজান মাসের আগেই লোডশেডিংয়ের অবস্থা সহনীয় পর্যায়ে চলে আসবে। তিনি বলেন, ২০১৩ সাল থেকে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ যথেষ্ট হবে এবং লোডশেডিং সহনীয় পর্যায়ে চলে আসবে।আওয়ামী লীগের মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে ‘একটি বাড়ি একটি খামার’ কর্মসূচি নেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে ১৭ হাজার ৩৮৮ গ্রামের প্রতি গ্রাম থেকে ৬০টি দরিদ্র পরিবারকে বাছাই করে গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা হচ্ছে। যেখানে মোট উপকারভোগী ১০ লাখ ৪৩ হাজার জন। মাহমুদ-উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নয়ন সহযোগী দেশের কাছ থেকে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলেন্স ফান্ডের জন্য এ পর্যন্ত ১৭০ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে।