আত্মরক্ষায় ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ প্রকল্প শুরু
গাজীপুরে ছাত্রীদের জন্য কারাতে প্রশিক্ষণের পাইলট (পরীক্ষামূলক) প্রকল্প গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। নারীর ওপর সহিংসতা রোধে এবং নারীর আত্মরক্ষার জন্য জেলা প্রশাসন এই প্রকল্প হাতে নিয়েছে। গতকাল বিকেলে জয়দেবপুর বালিকা উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে গাজীপুরের স্কুল ও কলেজের ছাত্রীদের জন্য কারাতে প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম। জয়দেবপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান প্রমুখ। অনুষ্ঠানে কারাতে প্রশিক্ষক মার্শাল শাহজাদার সঞ্চালনায় ছাত্রীরা কারাতে প্রদর্শন করে।এই কর্মসূচিতে কলেজ ও বিদ্যালয়ের সাড়ে তিন শ ছাত্রী অংশ নিচ্ছে। প্রশিক্ষণে জেলা ক্রীড়া সংস্থা, মহিলা সংস্থা, পিএসটিসি ও অন্যান্য বেসরকারি সংস্থা সহযোগিতা করছে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান জানান, পর্যায়ক্রমে গাজীপুরের সব বিদ্যলয়ে এই প্রশিক্ষণ চালু করা হবে। প্রতি শুক্রবার প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের উদ্যোগে আমরা জয়দেবপুর বালিকা বিদ্যালয়ে এই প্রকল্প শুরু করলাম। পর্যায়ক্রমে সারা দেশে প্রকল্পটি বিস্তারে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানাই।’