আত্মশুদ্ধি ও দেশের কল্যাণ কামনায় তীর্থোৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মশুদ্ধি ও দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী ধর্মপল্লির ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী তীর্থোৎসব। ‘দয়ার মাতা মারিয়া’ প্রতিপাদ্য নিয়ে গত বৃহস্পতিবার এ উৎসবের সূচনা করেন রাজশাহী ধর্মপল্লির ফাদার প্যাট্রিক গোমেজ।
বারোমারী ধর্মপল্লি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ধর্মপ্রদেশের উদ্যোগে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে ১৯৯৮ সালে বারোমারী ধর্মপল্লিতে স্থাপন করা হয় ফাতেমা রানী তীর্থস্থান। স্থাপন করা হয় মা মারিয়ার মূর্তি। ভক্তরা প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব উদ্যাপন করেন। এবার দেশ-বিদেশের ৩০ হাজার ভক্ত তীর্থোৎসবে যোগ দেন।
বৃহস্পতিবার রাত নয়টায় তিন কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা পথে মোমবাতি হাতে হাজারো ভক্ত ঈশ্বরের কাছে পাপমুক্ত হওয়ার জন্য প্রার্থনা করেন। এ ছাড়া নিশি জাগরণ, পাপ স্বীকারসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি লুইস নেংমেনজা বলেন, এই তীর্থস্থানটি খ্রিষ্টান ভক্তদের কাছে পরম ভক্তির স্থান। তাই প্রতিবছর ভক্তদের অংশগ্রহণে তীর্থস্থানটি মিলনমেলায় পরিণত হয়।
ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ ফাদার পুলেন কুবি বলেন, মা মারিয়ার ভক্তরা এখানে করুণা লাভের আশায় আসেন। পাশাপাশি তাঁরা সমাজ, সংসার এবং দেশের কল্যাণের জন্য প্রার্থনা করেন।