দুই দিনব্যাপী শানে রিসালত সম্মেলনের শেষ দিনে গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আত্মশুদ্ধি ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।
গতকাল সম্মেলনের তৃতীয় অধিবেশনে মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়। রাত ১০টায় আল্লামা শফী মোনাজাতে বলেন, ‘আল্লাহ, আমরা যত গুনাহ করেছি, আমাদের যাবতীয় গুনাহ মাফ করে দাও। মাহফিলে যেসব কথাবার্তা হয়েছে, সেভাবে আমল করার তওফিক দিন। প্রতিবছর যেন আমরা এ ধরনের মাহফিল করতে পারি। দেশের বড় বড় শহরে এ ধরনের সম্মেলন আয়োজন করতে পারি, সে তওফিক দিন।’
তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন হেফাজতের নায়েবে আমির হোসেইন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হাটহাজারী জিরি মাদ্রাসার মহাপরিচালক শাহ মোহাম্মদ তৈয়ব, হেফাজত নেতা মুফতি আহমেদ উল্লাহ, জুনায়েদ আল হাবিব, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী প্রমুখ।