
পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান গতকাল শুক্রবার পবিত্র হজ পালন করেছেন। গতকাল সূর্যোদয়ের পর তাঁরা মিনা থেকে ট্রেনে, বাসে বা হেঁটে রওনা হন আরাফাতের ময়দানের উদ্দেশে। লাখো কণ্ঠে ছিল একটাই রব, ‘আমি হাজির; হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই। সব সাম্রাজ্যও তোমার (লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক্ লা শারিকা লাকা।’
হজের তিন ফরজের মধ্যে ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হজযাত্রীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করেন। কেউ কেউ যান জাবালে রহমতের কাছে (হজরত মুহম্মদ (সা.) এই পাহাড়ের কাছে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন)। কেউ কেউ যান মসজিদে নামিরায় হজের খুতবা শুনতে। এখান থেকে হজের খুতবা দেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ।
আরাফাতের পথে: এশার নামাজের পর শুয়েছিলাম। মিনার তাঁবুতে একজন আমাদের ডেকে তুললেন। বললেন, আরাফাতে যাওয়ার গাড়িগুলো আসতে শুরু করেছে। পরে ভিড় বাড়লে সমস্যা হবে। এখনই আরাফাতে রওনা দেওয়া উচিত। কোরআন শরিফ, হাজি ম্যাট এবং কিছু টুকিটাকি ব্যবহার্য জিনিস নিয়ে বাসে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই বাস আরাফাতের ময়দানে পৌঁছে গেল। ছোট ছোট গাছের ফাঁকে হাজার হাজার তাঁবুর সারি। কিছুদূর পরপর টয়লেট ও অজুর ব্যবস্থা রয়েছে। আরাফাতের ময়দানে আল্লাহ পাকের রহমতে একাদশবারের মতো হাজির হলাম।
ফজরের নামাজ তাঁবুর ভেতরেই জামাতের সঙ্গে পড়লাম। প্রত্যেকটা তাঁবুর সামনেই খাওয়ার পানির পাত্র। অনেকেই অজু করার ট্যাপগুলো থেকে পানি নিয়ে গোসল সেরে নিলেন।
আমাদের তাঁবু থেকে একটু দূরেই দেখি রান্নাবান্নার বিরাট আয়োজন। মোয়াল্লেমের লোকজন আমাদের জন্য বিরিয়ানি রান্না করছেন।
আরাফাতের ময়দানে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফাস্টফুডের প্যাকেট বিতরণ করা হচ্ছে। সেখানে গিয়ে কয়েকটি প্যাকেট সংগ্রহ করে তাঁবুতে ফিরে এলাম।
আরাফাতের ময়দানটি মিনা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। এই ময়দানে অবস্থিত মসজিদটির নাম মসজিদে নামিরাহ। এই মসজিদের জামাতে অংশগ্রহণকারী হজযাত্রীরা জোহরের ওয়াক্তে এক আজান ও দুই ইকামতের সঙ্গে একই সময়ে পরপর জোহর ও আসরের নামাজ আদায় করে থাকেন। নামাজের আগে ইমাম সাহেব খুতবা দেন। আমাদের তাঁবু যেহেতু মসজিদে নামিরা থেকে অনেক দূরে ছিল, তাই মসজিদের জামাতে আমরা শামিল হতে পারিনি। নিয়ম হচ্ছে, কেউ মসজিদের জামাতে শামিল হতে না পারলে নিজ নিজ তাঁবুতেই জামাতের সঙ্গে নামাজ আদায় করবে।
আমাদের পরবর্তী কাজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা দেওয়া। এজদালিফা শব্দ থেকে মুজদালিফা শব্দের উৎপত্তি। এজদালিফা মানে নিকটবর্তী হওয়া। মুজদালিফা অর্থ নৈকট্য লাভ করা।
সন্ধ্যার আগে আরাফাতের সীমানার ফটক খোলা হয় না। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আরাফাতের ময়দান ত্যাগ করে মুজদালিফার উদ্দেশে রওনা দেন অনেকে। সূর্যাস্তের পর যখন গেট খুলে দেওয়া হলো, তখন রাস্তায় হাজার হাজার মানুষের ঢল। যুবক, বৃদ্ধ, পুরুষ, নারী, কালো, সাদা হরেকরকমের মানুষ। কিন্তু সবার উদ্দেশ্য এক, গন্তব্য এক। রাস্তার দুধারে উঁচু উঁচু পাহাড় যেন প্রহরীর মতো দাঁড়িয়ে। রাস্তার পাশে কিছুদূর পরপর খাওয়ার পানির ট্যাপ। মনে পড়ে ২০০৭ সালে হেঁটে আরাফাত থেকে মুজদালিফা পৌঁছেছিলাম।
এবার বাসে করে রওনা দিলাম। রাস্তার দুপাশের মাঠ এবং পাহাড়ের গায়েও হাজার হাজার লোক। সামনে অগ্রসর হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। পৌঁছালাম ঘণ্টা দুয়েক পরে। রাত তখন প্রায় নয়টা। মাগরিব ও এশার নামাজ আদায় করলাম। আরাফাতের ময়দানে অথবা আরাফাত থেকে মুজদালিফা যাওয়ার পথে মাগরিবের নামাজের সময় হলেও নামাজ পড়া নিষেধ। মুজদালিফাতে পৌঁছার পর মাগরিব ও এশার নামাজ একসঙ্গে পড়তে হয়। তারপর মুজদালিফার খোলা প্রান্তরে রাত কাটাতে হয়।
নামাজ শেষে আমরা আশপাশ থেকে ছোট ছোট ৭০টি পাথর সংগ্রহ করলাম। জামারায় শয়তানের উদ্দেশে পরপর তিন দিন ছোড়ার জন্য প্রয়োজনীয় পাথরের টুকরা এখান থেকেই সংগ্রহ করতে হয়। পাথর সংগ্রহের পর আমরা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। ইহরাম অবস্থায় আবার মুখ ও মাথা ঢাকা নিষেধ। এভাবে কখনো শুয়ে, কখনো বসে সময় কাটাচ্ছি। আমাদের আশপাশে রয়েছেন ঢাকা থেকে আসা ফরিদা জামান ও তাঁর ছোট বোন কামরুন নাহার। কেউ বাংলায়, কেউ আরবিতে, কেউ ইংরেজিতে কথা বলছেন। সবাই খোলা আকাশের নিচে শুয়ে আছেন, কেউ ঘুমাচ্ছেন, কেউ নামাজ পড়ছেন। হিংসা, দ্বন্দ্ব ভুলে এক মহামিলনে একটি বিন্দুতে হাজির সবাই। আমরা ফজরের নামাজ পড়ে দোয়া-দরুদ পড়তে থাকলাম। সকালের নাশতা সেরে সূর্যোদয়ের কিছু পরে মিনার উদ্দেশে রওনা দিলাম। তাঁবুতে পৌঁছে বিশ্রাম নিলাম।
হাজিরা আজ মিনার তাঁবুতে ফিরে যাবেন বড় শয়তানকে সাতটি পাথর মেরে।
আজ কোরবানি শেষে হাজিরা মিনা থেকে মক্কায় ফিরে কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। জমজম কূপের পানি পান করবেন। সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ করে মাথার চুল ছেঁটে বা মাথা মুড়িয়ে হজের অত্যাবশ্যকীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
আবার মিনায় ফিরে পরবর্তী দুই দিন সেখানে তাঁরা তিনটি শয়তানের প্রতীকী প্রতিকৃতিতে পাথর মারবেন। এভাবে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।
মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর হাজিরা যাঁর যাঁর দেশে ফিরে যাবেন। হজের আগে যাঁরা মদিনায় যাননি, তাঁরা মদিনায় যাবেন। তবে মদিনায় যাওয়া হজের অংশ নয়।
গ্র্যান্ড মুফতির আহ্বান
সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ বলেছেন, মুসলিম নেতাদের অবশ্যই ইসলামের শত্রুদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। গতকাল শুক্রবার আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে হজযাত্রীদের উদ্দেশে খুতবায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের জিহাদিদের দোষারোপ করেন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
আইএস জঙ্গিদের উদ্দেশ করে গ্র্যান্ড মুফতি বলেন, এই অপরাধীরা ধর্ষণ, হত্যা, লুটপাট করছে। তিনি বলেন, ‘এসব জঘন্য অপরাধ সন্ত্রাসবাদ। তাদের অপরাধকর্মের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই।’
মুসলিম বিশ্বের নেতাদের উদ্দেশে গ্র্যান্ড মুফতি বলেন, ‘ইসলামের শত্রুদের কঠিন হাতে দমন করতে হবে। আপনাদের ধর্ম হুমকির মুখে। আপনাদের নিরাপত্তা হুমকির মুখে।’