সুন্দরবনের মাস্টার বাহিনীর পর এবার আত্মসমর্পণ করতে যাচ্ছে মজনু ও ইলিয়াস নামের আরও দুই বনদস্যু বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে শুক্রবার তারা অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করবে বলে র্যাব জানিয়েছে।
বাগেরহাটের মোংলা বন্দরের বিএফডিসি জেটিতে ওই দিন সকালে এই আত্মসমর্পণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩১ মে মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার নয় সহযোগীকে নিয়ে দেশি-বিদেশি ৫২টি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। তাঁরা এখন বাগেরহাট কারাগারে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মজনু ও ইলিয়াস বাহিনী সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় প্রায় চার বছর ধরে দস্যুতা করে আসছে। তাদের ভয়ে ওই এলাকায় মৎস্য ও বনজ সম্পদ আহরণে যাওয়া জেলে-বাওয়ালিরা সন্ত্রস্ত থাকেন।
মাস্টার বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এ বাহিনীর মতো সুন্দরবনের অন্য দস্যু বাহিনীও যদি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তবে তাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
র্যাব-৮-এর অধিনায়ক মো. ফরিদুল আলম বলেন, শুক্রবার বেলা ১১টায় মজনু ও ইলিয়াস বাহিনীর দুই প্রধান তাঁদের কয়েকজন সহযোগীকে নিয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। তবে কতজন কত অস্ত্রশস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন, তা তিনি জানাতে রাজি হননি। আত্মসমর্পণ অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত থাকবেন বলে জানান তিনি।