আত্মসমর্পণ করল সুন্দরবনের আরও একটি দস্যু বাহিনী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ২০ সদস্য। গতকাল রোববার দুপুরে বরিশালে র্যাব-৮ কার্যালয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
এ নিয়ে গত নয় মাসে নয়টি জলদস্যু ও বনদস্যু বাহিনী আত্মসমর্পণ করল। গতকাল আত্মসমর্পণ করা জাহাঙ্গীর বাহিনী সবচেয়ে বড় বনদস্যু বাহিনী ছিল বলে জানিয়েছে র্যাব সূত্র।
আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা জঙ্গি দমনে সক্ষম হয়েছি। বনদস্যু, জলদস্যু নির্মূলেও সক্ষম হব। সুন্দরবন কেবল মৎস্যজীবী বা মধু আহরণের জন্য নয়, এটা পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান। যেকোনো মূল্যে সুন্দরবন এলাকা নিরাপদ করব।’
আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্য দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছে, তাদের পুনর্বাসন করা হবে। তারা যাতে এলাকায় কোনো ধরনের হয়রানির মধ্যে না পড়ে, সে ব্যাপারে পুলিশসহ সব বাহিনী পাশে থাকবে। কিন্তু যারা ফিরে আসবে না, তাদের কোনো অবস্থাতেই অপকর্ম করতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, যেকোনো মূল্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাজ করছে র্যাব। সুন্দরবন আগের চেয়ে অনেক নিরাপদ। তবে এখনো দু-একটা বাহিনী সুন্দরবন এলাকায় আছে। তারাও র্যাবের নজরদারিতে আছে। তারা ফিরে না এলে সর্বশক্তি নিয়ে নির্মূল করা হবে। যেকোনো মূল্যে সুন্দরবনকে নিরাপদ রাখা হবে।
র্যাব বরিশালের উপ-অধিনায়ক মেজর আনদান কবীর বলেন, ২৮ জানুয়ারি সুন্দরবন এলাকার চাঁদপাই রেঞ্জের শরণখোলা এলাকায় জাহাঙ্গীর বাহিনী আত্মসমর্পণ করে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। বনদস্যুরা ৩১টি দেশি-বিদেশি অস্ত্রসহ ১ হাজার ৫০৭টি গুলি হস্তান্তর করেছে।