আত্মসমর্পণ করলে জামিন পাবেন তারেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হাইকোর্টের নির্দেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আদালতে আত্মসমর্পণ করলে এ ধরনের ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া, তাতে তিনি জামিন পাবেন।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে বাংলাদেশে কর্মরত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিম্ন আদালত খালাস দেওয়ায় রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল গত রোববার গ্রহণ করেছেন হাইকোর্ট। আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের আদেশ মানা না-মানা সম্পূর্ণ তারেক রহমানের বিষয়। আমি ১০ দিন আগেও আইনজীবী ছিলাম। তারেক রহমান বিচারিক আদালতে খালাস পেয়েছেন। নিম্ন আদালতে কোনো মামলায় আসামি খালাস পেলে এ-জাতীয় ক্ষেত্রে আইনি যে প্রক্রিয়া, তাতে তারেক রহমানও যদি আত্মসমর্পণ করেন, তাহলে তাঁকে জামিন দেওয়া হবে। কিন্তু শুধু ওই মামলায়।’
সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বিভিন্ন সহিংসতার ঘটনায় করা মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হবে বলেও জানান আইনমন্ত্রী। আনিসুল হক সাংবাদিকদের জানান, সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার তাঁকে বলেছেন, তারা (যুক্তরাজ্য) অনুধাবন করেছে যে এই নির্বাচন হওয়া প্রয়োজন ছিল। তারা সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং দুই দেশের মধ্যে যে কাজকর্ম চলছে, তা চলবে এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাবে।’
আইনমন্ত্রী জানান, গিবসন গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সংলাপের কোনো বিকল্প নেই উল্লেখ করে সংলাপে বসার তাগিদ দিয়েছেন। মন্ত্রী বলেন, ‘আমিও বলেছি, আমরাও সংলাপ চাই। কিন্তু যাঁরা (বিএনপি) সংলাপে আসবেন, তাঁদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে, তাঁরা সন্ত্রাসী কোনো দল ও সংগঠনকে সমর্থন করে না।’
মানবতাবিরোধী অপরাধের বিচারে মৃত্যুদণ্ড নিয়ে ব্রিটিশ সরকারের উদ্বেগের কথাও গিবসন জানিয়েছেন। এ বিষয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাজ্য মৃত্যুদণ্ড আইনসিদ্ধ বলে গ্রহণ করে না। এ ক্ষেত্রে মৃত্যুদণ্ড নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ আছে। আমরা বলেছি, প্রতিটি দেশে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মৃত্যুদণ্ড রাখা না-রাখার সিদ্ধান্ত হয়। ১৯৭১ সালের গণহত্যার মতো অপরাধের জন্য সর্বোচ্চ সাজার বিষয়ে আপস করার সুযোগ নেই। ভবিষ্যতে মৃত্যুদণ্ডের বিষয়ে আমাদের অবস্থান বিবেচনা করতে পারি। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের আওতায় অপরাধের ক্ষেত্রে তা বিবেচনার প্রশ্নই ওঠে না।’