আত্মসমর্পণ করলেন হিযবুত তাহ্রীরের আরও তিন সদস্য
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের তিন সদস্য যশোরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনজনই সহোদর। আজ সোমবার বেলা একটায় পুলিশ সুপারের সভাকক্ষে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ জামান সাংবাদিকদের ব্রিফিং করেন।
আত্মসমর্পণকারী দুই ভাই ও এক বোন হলেন যশোর শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার বাসিন্দা।
তাঁদের মধ্যে এক ভাই যশোর সিটি কলেজের শিক্ষার্থী। আরেক ভাই যশোর মিউনিসিপ্যাল কলেজ থেকে এইচএসসি পাস করেছে। আর বোনটি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতকধারী। তবে প্রত্যেকের নামেই মামলা থাকায় তাঁরা পলাতক ছিলেন।
সম্প্রতি যশোর পুলিশের পক্ষ থেকে জঙ্গি আখ্যা দিয়ে ১১ জনের পরিচয়, ছবিসহ শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়। তাদের মধ্যে এই তিনজনের নাম-ঠিকানা ও ছবি রয়েছে।
এর আগে গত আগস্ট মাসে হিযবুত তাহ্রীরের আরও চার সদস্য যশোরের পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন।
ব্রিফিংয়ে ডিআইজি এস এম মনির-উজ জামান বলেন, দেশব্যাপী জঙ্গি-সন্ত্রাসী তৎপরতার নেতিবাচক দিক, তাদের প্রতি পুলিশ ও সাধারণ মানুষের মনোভাব ইত্যাদি কারণে নিজেদের ভুল বুঝতে পেরে এবং অনুতপ্ত হয়ে এ পর্যন্ত যশোর পুলিশের কাছে হিযবুত তাহ্রীরের সাত সদস্য আত্মসমর্পণ করেছেন। যেহেতু এই তরুণেরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছেন, সে কারণে তাঁদের আইনগত সহায়তা দেওয়া হবে।
আত্মসমর্পণকারীদের একজন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি ভুল করে হিযবুত তাহ্রীরের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। এখন স্বাভাবিক জীবনে ফিরতে চাই। এ জন্য আমরা তিন ভাইবোন যশোরের পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।