আত্মসমর্পণ করা ১৩২ জন সাবেক বন ও জলদস্যুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কাল বুধবার তাঁদের মাঝে এই টাকা বিতরণ করবেন। এ উপলক্ষে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামান গত রোববার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপকূলীয় বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালীর কয়েক লাখ লোক সুন্দরবন ও সাগরের ওপর নির্ভরশীল। মাছ, শুঁটকি, মধু, গোলপাতা, কাঁকড়া ও কাঠ সংগ্রহ করে তাঁরা জীবিকা নির্বাহ করেন। কিন্তু তাঁরা বন ও জলদস্যুদের আক্রমণের শিকার হয়ে আসছিলেন। সুন্দরবন ও বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল এসব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-৮ প্রায় সাত বছর ধরে কাজ করছে। সুন্দরবনে র্যাবের বেশ কয়েকটি নিরাপত্তাচৌকি আছে। গত চার বছরে সুন্দরবনে র্যাব বরিশাল-৮-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৬৭ জন জল ও বনদস্যু নিহত হয়েছে। তাদের মধ্যে ৩৮ জন ছিল বাহিনীপ্রধান। এই সময়ের মধ্যে দস্যুদের ব্যবহৃত প্রায় ৪০০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং কয়েক হাজার গুলি উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দস্যু দলগুলো অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। পরে তারা ওই দস্যুবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আবেদন করলে সরকার সেই সুযোগ করে দেয়।
এরই অংশ হিসেবে গত এক বছরে ১২টি বনদস্যু বাহিনীর ১৩২ জন সদস্য আত্মসমর্পণ করেন। সরকার তাঁদের আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। তাঁদের স্বাবলম্বী করতে সরকার পর্যায়ক্রমে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁদের পরিবারের সদস্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও সরকারের রয়েছে।