আত্মসমর্পণ করে জামিন আবেদন সেলিম ওসমানের
শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন সাংসদ এ কে এম সেলিম ওসমান। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ না হওয়ায় ২৩ মে জামিন আবেদনের বিষয়ে শুনানি হবে। ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা গতকাল রোববার এ আদেশ দেন।
ধর্ম অবমাননার অভিযোগে গত বছরের ১৩ মে শ্যামল কান্তিকে তাঁরই স্কুলের প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনার ভিডিওতে প্রধান শিক্ষককে কান ধরে ওঠবস করানোর নির্দেশ দিতে দেখা যায় সাংসদ সেলিম ওসমানকে। এ বিষয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বিচার বিভাগীয় তদন্ত করে গত ১৯ জানুয়ারি প্রতিবেদন দেন।
২২ জানুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ জে বি এম হাসানের বেঞ্চ ওই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে সাধারণ ডায়েরিসহ বিচারিক নথিপত্র অবিলম্বে ঢাকায় পাঠাতে নির্দেশ দেন। নথি পাওয়ার পর হাইকোর্ট বিচার নিষ্পত্তির জন্য ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতকে নির্দেশ দেন। আদালত ২৯ মার্চ ওই দুজনের বিরুদ্ধে সমন জারি করেন।
এদিকে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান,একটিঘুষের মামলায় অভিযোগপত্র দেওয়ার ঘটনায় শিক্ষক শ্যামল কান্তি ভক্ত পুলিশের সমালোচনা করেছেন। তিনি বলেন, যথাযথ তদন্ত না করেই তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ডিসেম্বরে এমপিওভুক্ত করে দেওয়ার কথা বলে ইংরেজির শিক্ষক মোর্শেদা বেগমের কাছ থেকে প্রথমে ২৫ হাজার এবং পরে ৩৫ হাজার টাকা ঘুষ নেন ওই শিক্ষক। পরে আরও এক লাখ টাকা ঘুষ নেন। এমপিওভুক্ত না হওয়ায় মোর্শেদা বেগম টাকা ফেরত চান। গত বছরের ২৭ জুলাই মোর্শেদা বেগম বাদী হয়ে আদালতে মামলা করেন।
শ্যামল কান্তি প্রথম আলোকে বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তির মিথ্যা অভিযোগ এনে গত বছরের ১৩ মে সাংসদ সেলিম ওসমান আমাকে থাপ্পড় মারেন। প্রকাশ্যে কান ধরে ওঠবস করতে বাধ্য করেন। এ ঘটনায় পুলিশ সেলিম ওসমানের পক্ষে প্রতিবেদন দিয়েছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্তে আমাকে লাঞ্ছিত করার অভিযোগ প্রমাণিত হয়। এরপর সেলিম ওসমানের নির্দেশে ওই শিক্ষক মিথ্যা মামলা করেন। আমাকে চাপে রাখতে এখন পুলিশ এ মামলায় অভিযোগপত্র দিয়েছে।পুলিশ স্পষ্টতই পক্ষপাতিত্ব করছে। আমাকে বিদ্যালয় থেকে বিতাড়নের চেষ্টা চলছে।’