আত্মসমর্পণ করে জামিন নিলেন এক চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন এক চিকিৎসক। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম অভিযুক্ত চিকিৎসকের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া চিকিৎসক রানা চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার। অস্ত্রোপচারের সময় এক কিশোরের পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগে ১৯ জানুয়ারি তাঁর বিরুদ্ধে আদালতে মামলা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, ৫ হাজার টাকার বন্ডে আইনজীবীর জিম্মায় রানা চৌধুরীকে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।
১৯ জানুয়ারি রানা চৌধুরী ছাড়াও চট্টগ্রামের আরও দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে পৃথক আরেকটি মামলা হয়। নগরের সার্জিস্কোপ হাসপাতালে ১০ জানুয়ারি প্রসূতি মেহেরুন্নেছার মৃত্যুর ঘটনায় চিকিৎসক মাহবুবুল আলম ও শামীমা সিদ্দিকীর অবহেলা থাকার অভিযোগে এই মামলা করেন নিহত ব্যক্তির পরিবার। মেহেরুন্নেছা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ভাতিজি।
তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার বিকেল থেকে চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে রোগীদের সেবা দেওয়া বন্ধ করে দেন চিকিৎসকেরা। প্রায় পাঁচ দিন ধরে এ অবস্থা চলার পর চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুরোধে গত রোববার বিকেলে কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকেরা।