নড়াইলের লোহাগড়ায় এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবুল বাশার মুন্সী জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার আত্মসমর্পণ করলে আদালত কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নড়াইল জজ আদালতের পিপি ইমদাদুল ইসলাম বলেন, আদালত অস্থায়ী জামিন দিয়ে আগামী ২৫ মে পরের শুনানির দিন ধার্য করেছেন।
নির্যাতনের শিকার ওই তরুণীর পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, শালবরাত গ্রামের সেনাসদস্য শফিকুল শেখের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সালের ২১ নভেম্বর দুজনের বিয়ে হয়। এটা মেনে নেয়নি শফিকুলের পরিবার। একপর্যায়ে শফিকুলও মেয়েটিকে এড়িয়ে চলতে শুরু করেন। এ অবস্থায় ওই তরুণী ৩০ এপ্রিল শফিকুলদের বাড়িতে গেলে তাঁকে গাছে বেঁধে নির্যাতন করা হয়।