আত্মসমর্পণ করে জামিন পেলেন গণপূর্তমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে এই মামলায় মন্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহম্মেদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় দুদকের করা একটি মামলায় মন্ত্রী মোশাররফ হোসেন, প্রয়াত সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা রফিকুল আনোয়ার ও তাঁর ভাই ফখরুল আনোয়ারের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা বলেন, রফিকুল আনোয়ার মারা গেছেন। এ সময় আদালত এ ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। পরে আদালত শুনানি শেষে মোশাররফ হোসেন ও ফখরুল আনোয়ারের জামিনের আবেদন মঞ্জুর করেন। মামলার পরবর্তী ধার্য দিনগুলোতে মন্ত্রীর পক্ষে তাঁর আইনজীবীর হাজিরা দেওয়ার আবেদন আদালত মঞ্জুর করেছেন।

মন্ত্রীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার তানজীব উল আলম।

দুদকের আইনজীবী বলেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, ফটিকছড়ি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ও তাঁর ভাই হোটেল গোল্ডেন ইন লিমিটেডের পরিচালক ফখরুল আনোয়ারকে আসামি করে ২০০৭ সালের ২২ নভেম্বর ডবলমুরিং থানায় মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬-২০০১ মেয়াদে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী থাকার সময় মোশাররফ হোসেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় কার পার্কিংয়ের জন্য বরাদ্দ করা জায়গা তিন তারকা হোটেল গোল্ডেন ইন নির্মাণের জন্য ইজারা দেওয়ার সুপারিশ করেন। ১ দশমিক ৪৪ বিঘা আয়তনের ওই জমির দাম ধরা হয় ১ কোটি ৬৯ লাখ ২০৭ টাকা। পরে লিজের শর্ত ভেঙে মেসার্স সানমার হোটেল লিমিটেডের নামে ওই জমির ইজারা নিবন্ধন করা হয়। এ ক্ষেত্রে দলিলে উল্লেখ করা দরের চেয়ে সানমার হোটেলের কাছ থেকে ২ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৭৪৮ টাকা বেশি আদায় করা হয়। সরকারি জমি লিজ পাওয়ার অনুমোদন দিয়ে তিনি আর্থিকভাবে লাভবান হন।

দুদক সূত্র জানায়, ২০০৮ সালের ৩০ জুলাই মোশাররফ হোসেন, রফিকুল আনোয়ার ও ফখরুল আনোয়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।পরে মোশাররফ হোসেনসহ তিনজন মামলাটি বাতিলের জন্য উচ্চ আদালতে আবেদন করেন। ২০১২ সালের ২০ নভেম্বর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ মামলাটি বাতিলের আদেশ দেন। পরে এর বিরুদ্ধে আপিল করে দুদক। আপিল বিভাগ গত বছরের ৮ মে হাইকোর্টের আদেশ বাতিল করে দেন।