
বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা আবারও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, ‘ওনার (খালেদা জিয়া) বিরুদ্ধে সমন জারি হয়েছে। তিনি যেন কোর্টে গিয়ে আত্মসমর্পণ করেন। সেটাই ওনার কল্যাণ। নইলে সরকার কোর্টের নির্দেশ পালনে বাধ্য হবে। ওনার স্থান ওখানেই।’
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শনিবার পেশাজীবী মহাসমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ‘বিএনপি-জামায়াত জোটের অগ্নি-পেট্রলবোমা-জঙ্গিবাদী সন্ত্রাস, মানুষ হত্যা ও জাতীয় উন্নয়ন-অর্থনীতি-শিক্ষা ধ্বংসের প্রতিবাদে’ এই মহাসমাবেশের আয়োজন করে পেশাজীবী সমন্বয় পরিষদ।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এতিমের টাকা মেরে খাওয়ার জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
বিচারব্যবস্থার ওপর খালেদা জিয়ার আস্থা নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোর্ট, আইন তার আপন গতিতে চলে। ৬৭ বার মামলার তারিখ পড়লেও তিনি মাত্র সাতবার আদালতে হাজির হয়েছেন। শেষবার লাঠিসোঁটা, ক্যাডার বাহিনী সঙ্গে নিয়ে গেছেন। উদ্দেশ, বিচারককে ভয় দেখানো।’
গত শুক্রবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সংলাপের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সংলাপ কি আকাশে হবে? ওনার সঙ্গে কিসের সংলাপ? যার হাতে রক্ত, পোড়া মানুষের গন্ধ; শিশু, গর্ভবতী মা যার কারণে পুড়ে মারা যাচ্ছে। যে জঙ্গিদের নেত্রী, খুনির সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।’
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া মিথ্যাচার করেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে যার শুরু মিথ্যায়, তার সবটাই মিথ্যায় ভরা। তিনি উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চেয়েছেন। গোয়েবলস বেঁচে থাকলে মিথ্যাচার দেখে লজ্জা পেত।’
শেখ হাসিনা বলেন, ‘তিনি (খালেদা জিয়া) বলেছেন, মিডিয়া নাকি নিয়ন্ত্রিত। কিন্তু মিডিয়া তো তাঁর বক্তব্য সরাসরি সম্প্রচার করেছে। মিডিয়ার স্বাধীনতা না থাকলে ফেরারি আসামির প্রেস কনফারেন্সে মিডিয়া গেল কীভাবে? তিনি নাকি অবরুদ্ধ, তাহলে তাঁর প্রেস কনফারেন্সে এতগুলো মিডিয়া কীভাবে গেল? এতগুলো ক্যামেরা কীভাবে ঢুকল ওখানে?’
সংবাদ সম্মেলনে দেওয়া খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগুনে পুড়ে মানুষ মারা যাচ্ছে, তাদের জন্য তাঁর সমবেদনা নেই। একটি কথাও নেই। আছে তাঁর নেতাদের কথা।’
আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া শুধু ব্যর্থতা দেখেন। আমাদের ব্যর্থতা কোথায়? আমি আমার সন্তানদের হাওয়া ভবন বানাতে দিইনি। লেখাপড়া শিখিয়েছি। তাদের পরামর্শেই আজকের ডিজিটাল বাংলাদেশ করছি। আমাদের ব্যর্থতা এক জায়গায়—সেটা হচ্ছে আমরা তাঁর মতো চুরি করতে পারি না।’
প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,‘বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জিয়া জড়িত। ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়া ও তাঁর ছেলেরা জড়িত। আর এখন জয়ের বিরুদ্ধে লেগেছে।’
পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেসবাহ্উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিএমএর সভাপতি মাহমুদ হাসান, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ হাবিবুর রহমান, এ কিউ এম সিরাজুল ইসলাম, আনিসুর রহমান খান এবং পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান খান।