আত্মসমর্পণ না করলে জেসমিনকে গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রুল শুনানিকালে এই আদেশ দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার ১১টি মামলায় জেসমিন ইসলামের জামিন বাতিল করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক। একই সঙ্গে তাঁকে তিন দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, এর মধ্যে হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।হল-মার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা এ ১১ মামলায় ৭ ফেব্রুয়ারি জেসমিনের জামিন মঞ্জুর করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক। এ জামিন স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধিতে আবেদন করেন জনৈক নাজিম আহমেদ। শুনানির পর ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট জেসমিন যাতে দেশত্যাগ না করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলে ১৮ ফেব্রুয়ারি (গতকাল) শুনানির দিন ধার্য করা হয়। এ ছাড়া যেসব মামলায় জেসমিনের জামিন হয়েছে, সেসব মামলার নথিও তলব করা হয়।হাইকোর্ট ১৩ ফেব্রুয়ারি জামিনের বিষয়ে ব্যাখ্যা জানাতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হককে গতকাল আদালতে হাজির হতে নির্দেশ দেন। রোববার জেসমিনের জামিন বাতিল করার বিষয়টি ওই দিনই হাইকোর্টকে অবহিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে হাইকোর্ট বিচারককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন অমিত তালুকদার। জেসমিন ইসলামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।পরে অমিত তালুকদার সাংবাদিকদের বলেন, নিম্ন আদালত জামিন বাতিলের আদেশে জেসমিন ইসলামকে তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছেন। এ অনুযায়ী তিনি আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাখ্যা জানাতে ২০ ফেব্রুয়ারি দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলকে হাজির থাকতে বলা হয়েছে।