আত্মসমর্পণকারী দস্যুদের র‍্যাবের ঈদ উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে শাড়ি-লুঙ্গি ও সেমাই-চিনি বিতরণ করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার মোংলা বন্দরের বিএফডিসি জেটিতে স্বাভাবিক জীবনে ফিরে আসা সাতটি বাহিনীর ৮৪ জনের হাতে কাপড় ও খাবার উপকরণ তুলে দেন র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক ওয়ারেন্ট অফিসার মো. জামান।

মো. জামান বলেন, র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পনকারী বনদস্যু মাস্টার বাহিনী, জাহাঙ্গীর বাহিনী, নোয়া বাহিনী, শাস্ত বাহিনী, কবিরাজ বাহিনী, খোকা বাবু বাহিনী ও আল আমিন বাহিনীর ৮৪ জনকে ঈদ উপহার দেওয়া হয়েছে। তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে এখন কাজকর্ম করছেন এবং পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। তাঁরা যাতে ভালোভাবে ঈদ উদ্‌যাপন করতে পারেন, সে জন্য তাঁদের এই উপহার দেওয়া হয়েছে। আত্মসমর্পণ করার পর থেকে তাঁদের দিকে লক্ষ রাখা হচ্ছে।

আত্মসমর্পণকারী মাস্টার বাহিনীর প্রধান কাদের মাস্টার বলেন, ‘আমাদের মধ্যে কেউ গাড়ি চালাচ্ছেন, কেউ মুরগির ফার্মসহ গবাদিপশু ও মাছের খামার করেছেন। এ ছাড়া র‌্যাবের কর্মকর্তারা সার্বক্ষণিক আমাদের খোঁজ রাখছেন।’

র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, মোংলা ছাড়াও সাতক্ষীরার মুন্সিগঞ্জ এবং শ্যামনগরে আত্মসমর্পণকারী দস্যুদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

গত বছরের ২৯ জুন মোংলা বন্দরের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র-গোলাবারুদ তুলে দিয়ে প্রথম আত্মসমর্পণ করে বনদস্যু মাস্টার বাহিনী। চলতি বছরের জুন পর্যন্ত ১১টি দস্যু বাহিনী র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছে।