আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গির জবানবন্দি
রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানকালে আত্মসমর্পণকারী দুই নারী জেবুন্নাহার শীলা ও তৃষামণি গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে বলেন, স্বামীদের মাধ্যমে তাঁরা জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়েন।
জেবুন্নাহার মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামের স্ত্রী। আর তৃষামণি পলাতক জঙ্গি মাইনুল ইসলাম ওরফে মুসার স্ত্রী।
সূত্র জানায়, ছয় দিনের রিমান্ড শেষে জেবুন্নাহার ও তৃষামণিকে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান দুই নারী জঙ্গির জবানবন্দি গ্রহণের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মাজহারুল ইসলাম তাঁর খাসকামরায় জেবুন্নাহারের এবং মহানগর হাকিম খুরশীদ আলম তৃষামণির জবানবন্দি নেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
সূত্র বলেছে, আদালতে দেওয়া জবানবন্দিতে ওই দুই নারী বলেছেন, স্বামীর মাধ্যমে তাঁরা জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়েন। নব্য জেএমবির মাইনুল ইসলাম ওরফে মুসা চার মাস আগে আশকোনার ওই বাসা ভাড়া করেন। ওই বাসায় সেলিম, সুমনসহ বেশ কয়েকজন প্রায়ই আসা-যাওয়া করতেন। অভিযানের আগেই মাইনুল, সুমনসহ কয়েকজন পালিয়ে যান।
গত ২৪ ডিসেম্বর আশকোনায় ‘সূর্য ভিলা’ নামের বাড়িতে পুলিশের অভিযানের সময় জেবুন্নাহার ও তৃষামণি দুই শিশুকে নিয়ে আত্মসমর্পণ করেন।