
রাজধানীর আশকোনায় পুলিশের অভিযানের সময় আত্মসমর্পণকারী দুই নারী ‘জঙ্গি’ জেবুন্নাহার (শীলা) ও তৃষ্ণা মনিকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
এই দুই নারীকে গতকাল সোমবার আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। ঢাকা মহানগর হাকিম মেহের নিগার তাঁদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে জেবুন্নাহারের কোলে দেড় বছরের শিশু এবং তৃষ্ণার কোলে চার মাসের শিশু ছিল। এই দুই শিশুকে নিয়ে ২৪ ডিসেম্বর তাঁরা আত্মসমর্পণ করেন। জেবুন্নাহার শীলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন (৩৪) মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামের স্ত্রী। আর, তৃষা মনি ওরফে উম্মে আয়েশা (২২) পলাতক ‘জঙ্গি’ মাইনুল ইসলাম ওরফে মুসার স্ত্রী।
এঁদের দুজনকে দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। গত শনিবার আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলার জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় রোববার এই মামলাটি করে পুলিশ। মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে।
বাকি আসামিরা হলেন শাকিরা ওরফে তাহিরা (৩৫), আফিফ কাদেরী ওরফে আদর (১৪), মো. মাইনুল ইসলাম ওরফে আবু মুসা (২৯), রাশেদুর রহমান ওরফে সুমন (২৪), মো. সেলিম (২৬) ও মো. ফিরোজ (২০)। এদের মধ্যে শাকিরা ও আফিফ অভিযানের সময় নিহত হয়। এজাহারে শাকিরা, সুমন, সেলিম ও ফিরোজের পিতার নাম ও ঠিকানা ‘অজ্ঞাত’ বলা হয়েছে।
মামলায় বলা হয়, অভিযান শেষে ধৃত নারী জঙ্গিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, নব্য জেএমবির শীর্ষ নেতা মাইনুল ইসলাম ওরফে আবু মুসা তিন থেকে চার মাস আগে আশকোনার বাসাটি ভাড়া নিয়ে পলাতক সুমন, সেলিম, ফিরোজসহ আরও অজ্ঞাতনামা তিন থেকে চারজন একত্র হতেন। তাঁরা ঢাকাসহ সারা দেশে তাঁদের জঙ্গি কর্মকাণ্ডকে গতিশীল ও জঙ্গি কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রায়ই একত্র হতেন এবং নাশকতার উদ্দেশ্যে প্রশিক্ষণ গ্রহণ করতেন। পুলিশের অভিযানের আগে মাইনুল, সেলিমসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজন পালিয়ে যান।
আফিফের মৃত্যু গুলিতে, শাকিরার বোমাতে:
আশকোনার সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত আফিফ কাদেরীর মৃত্যু হয়েছে গুলিতে। তার শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্নও রয়েছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন।
ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ বলেন, আফিফ কাদেরীর চুল ও দাঁতের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগে আফিফ কাদেরী কোনো উত্তেজক কিছু বা কোনো ওষুধ সেবন করেছে কি না, তা জানতে তার রক্ত ও মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোহেল মাহমুদ বলেন, আত্মঘাতী নারী শাকিরার তলপেট থেকে নিচের অংশ বোমায় ক্ষতবিক্ষত হয়ে গেছে। তাঁর শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। তবে রোববার ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিং শেষে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, আত্মঘাতী নারীটি যখন বোমার বিস্ফোরণ ঘটাচ্ছিলেন, তখন পুলিশও তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল।
আলামত সংগ্রহ সিআইডির: গতকাল আশকোনা এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ সূর্য ভিলায় যাওয়ার পথটি ব্যারিকেড দিয়ে রেখেছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট সকাল থেকেই আস্তানাটিতে আলামত সংগ্রহের কাজ করে। বেলা তিনটা ২৫ মিনিটের দিকে তারা বাড়ি থেকে বেরিয়ে আসে। এ সময় সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুস সালাম সাংবাদিকদের বলেন, তাঁরা ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, গুলির খোসা, পুড়িয়ে ফেলা টাকাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন।