আত্মসমর্পণকারী দুই বিমানকর্মী আবার ৭ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির মামলায় দুই বিমানকর্মীর আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
বিমানের প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমানকে প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মাহবুব আলম এ দুই আসামিকে আরও ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, সাত দিনের জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ মামলায় গ্রেপ্তার আরও সাতজন রিমান্ডে আছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই দুজনকে আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের আইনজীবীদের করা রিমান্ড বাতিলের আবেদন নাকচ করে দেন আদালত।
এ দুই আসামি ২২ ডিসেম্বর আত্মসমর্পণ করেন। এর আগে বিমানের প্রকৌশল শাখার সাত কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ডে আছেন।
২০ ডিসেম্বর এই নয়জনের বিরুদ্ধে মামলাটি করেন বিমানের প্রকৌশল শাখার পরিচালক এম এম আনিসুজ্জামান। এর আগে নয়জনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজের উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গাফিলতির প্রমাণ পায় তদন্ত কমিটি। তাঁদের এই গাফিলতি ইচ্ছাকৃত বা নাশকতা চেষ্টার অংশ কি না, সেটা বের করতে ফৌজদারি মামলা করার সুপারিশ করে তদন্ত কমিটি।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ফ্লাইটটি তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। পরে অন্য উড়োজাহাজ পাঠিয়ে প্রধানমন্ত্রীকে বুদাপেস্টে পৌঁছানো হয়।