আত্মসমর্পণকারী ১০ জলদস্যু কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মসমর্পণ করা জলদস্যু ‘মাস্টার বাহিনীর’ প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার ও তাঁর দলের নয় সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।

এর আগে এই ১০ জনকে মংলা থানায় র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সুন্দরবনের ‘মাস্টার বাহিনীর’ প্রধান কাদের মাস্টার তাঁর দলের নয় সদস্যকে নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এ সময় তাঁরা ৪৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্রের কিছু খণ্ডাংশ ও প্রায় পাঁচ হাজার বিভিন্ন ধরনের গুলি জমা দেন। এ সময় মন্ত্রী তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, র‍্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল এই ১০ জনের বিরুদ্ধে মংলা থানায় দুটি মামলা করেন।