আত্মসমর্পণের চার দিনের মাথায় জামিন পেলেন জেএমবির সদস্য রানা
জয়পুরহাট আদালতে আত্মসমর্পণ করার চার দিনের মাথায় জামিন পেলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য শহীদুল ইসলাম ওরফে রানা। গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনছার আলী তাঁর জামিন মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৫ আগস্ট গভীর রাতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে পুলিশের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ ও অস্ত্র লুটের মামলার আসামি রানা। দীর্ঘদিন পলাতক থাকার পর গত রোববার জয়পুরহাটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণের পর তিনি জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে রানার আইনজীবীরা গত মঙ্গলবার জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে শহীদুলের জামিনের আবেদন করেন। আদালত গতকাল ২৫ হাজার টাকার বন্ডে (মুচলেকা) একজন আইনজীবী ও স্থানীয় এক ব্যক্তির জিম্মায় জামিন মঞ্জুর করেন।