আত্মসমর্পণের পর আরও ৯ আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

রংপুরের বদরগঞ্জে শিশুসন্তানদের সামনে হাত-পা বেঁধে বাবা আমজাদ হোসেনকে (৩৫) নির্যাতনের মামলায় আরও নয়জন আসামি জামিন পেয়েছেন। গতকাল রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, রংপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন নয়জন আসামি। তাঁরা হলেন গ্রাম পুলিশের সদস্য শাফি মিয়া ও মোশাররফ হোসেনসহ সোহাগ হোসেন, ছিদ্দিকুল ইসলাম, মোশারফ হোসেন, আবদুল মজিদ, মতিকুল ইসলাম, হামিদুল ইসলাম ও নজরুল ইসলাম। পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
ওই মামলার অপর দুই আসামি গ্রাম পুলিশের সদস্য আবদুল মান্নান ও আবদুর রহিমকে গত শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু ওই দিন সন্ধ্যাই তাঁরা আদালত থেকে জামিনে মুক্তি পান। তবে ঘটনার পর সাত দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
বদরগঞ্জ উপজেলার বৈরামপুর গফুরেরপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে আমজাদ হোসেন কোরবানির জন্য স্থানীয় কাঁচাপড়া মৌলভীপাড়া গ্রামের ছহিরুল ইসলামের কাছ থেকে একটি গরু কেনেন। গত রোববার চেয়ারম্যান শহিদুল হকের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা গরু কেনার বৈধ কাগজপত্র (হাসিল) না পেয়ে আমজাদ ও ছহিরুলকে আটক করেন। এরপর বৈরামপুর মাঠে নিয়ে গরু চুরির অভিযোগে তাঁদের দুজনকে দড়ি দিয়ে বেঁধে লাঠিপেটা করেন শহিদুল ও তাঁর লোকজন। এ সময় আমজাদের তিন শিশুকন্যা নির্যাতন না করতে আকুতি জানালেও তাদের সামনেই তাঁকে কয়েক ঘণ্টা ধরে পিটানো হয়। পরে ৫৪ ধারায় মামলা দিয়ে আমজাদ ও ছহিরুলকে পুলিশের হাতে তুলে দেন শহিদুল। তাঁরা এখনো কারাগারেই আটক আছেন
এ ঘটনায় আমজাদের বাবা আবদুল গফুর গত বৃহস্পতিবার বদরগঞ্জ থানায় মামলা করেন। এতে শহিদুল ও গ্রাম পুলিশের চার সদস্যসহ মোট ১২ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কমল রায় গতকাল জানান, চেয়ারম্যানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।