আত্মসমর্পণের পর এসআইসহ ১১ আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে পুলিশ হেফাজতে নিহত বালু ব্যবসায়ী ও যুবলীগের কর্মী মামুন ভূঁইয়া হত্যা মামলায় এক উপপরিদর্শকসহ (এসআই) অভিযোগপত্রভুক্ত ১১ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার আসামিরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক মনোয়ারা বেগম জামিন নামঞ্জুর করে ওই নির্দেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের বালু ব্যবসায়ী মামুন ভূঁইয়াকে পুলিশ ২০১২ সালের ২৯ মে সন্ধ্যায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে হাতকড়া পরানো হয়। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গোপাল মেম্বারের বাড়ির পাশে প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করে।
মৃত্যুর পর কালীগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নৃপেন কুমার দে মামুনের হাত থেকে হাতকড়া খুলে নিয়ে থানায় চলে আসেন। ওই ঘটনায় ২০১২ সালের ৩১ মে প্রথম আলোয় ‘ব্যবসায়ীকে খুনিদের হাতে তুলে দিল পুলিশ’ শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয়।
পরে মামুনের ভাই নাজমুল বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিভাগীয়ভাবে হত্যার ঘটনাটি একাধিকবার তদন্ত করা হয়। সে সময় মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে গত ১২ জুলাই ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ওই মামলায় অভিযুক্ত ছয়জন আসামি জামিনে থাকলেও গতকাল এসআই নৃপেন, মেম্বার হেকিম ফরাজী, মো. বাদল, শহীদুল্লাহ শাহীসহ ১১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।