আত্মসমর্পণের পর কারাগারে আমিন হুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিন হুদা
আমিন হুদা

পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত আমিন হুদা সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ আত্মসমর্পণ করেছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমিন হুদা গতকাল দুপুরে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁর পক্ষে চিকিৎসাসুবিধা চেয়ে আবেদন করা হলে আদালত কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় বিভিন্ন ধারায় আমিন হুদার ৭৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারিক আদালত। গত বছরের ১৫ জুলাই আদালত এ রায় দেন। তবে একসঙ্গে সাজা হওয়ায় তাঁকে মূলত ১৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিনের আবেদন জানান আমিন হুদা। এর পরিপ্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ আমিন হুদার ছয় মাসের জামিন মঞ্জুর করেন। এই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ ১০ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে। এরপর গত ৫ মে আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ বাতিল করেন এবং তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।