আত্মসমর্পণের পর কারাগারে জিপিওর সাত কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মাধ্যমে প্রায় ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ঢাকার কেন্দ্রীয় ডাকঘর জিপিওর সাতজন কর্মচারীর জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তাঁদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আসামিরা হলেন সাবেক অপারেটর মো. মোতালেব হোসেন মোল্লা, মো. ইউসুফ আলী, তাজুল ইসলাম হেলালী, এ কে এম শহিদুল হোসেন, মোতালেব হোসেন, এ কে এম মাহাবুবুর রহমান ও মো. বিলাল হোসেন।আসামিপক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন আইনজীবী সাজওয়ার হোসেন। দুদকের পক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন বিশেষ কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল ও মো. কবির হোসেইন।আদালত সূত্রে জানা যায়, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে দুই কোটি ৮৬ লাখ্র ৯১ হাজার ১৯ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৪ সালের ১৮ আগস্ট ডাকঘর পরিদর্শক আবদুর রশিদ মোল্লা মামলাটি করেন। দুদক তদন্ত করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে মোট পাঁচ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ২২৬ টাকা অর্থ উত্তোলন করার প্রমাণ পান। গত বছরের ১৩ অক্টোবর দুদকের উপসহকারী পরিচালক ফজলুল বারী আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।