আত্মসমর্পণের পর কারাগারে সেই জুনায়েদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরীকে কেন্দ্র করে এক কিশোরকে মারধর করা জুনায়েদ ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ রোববার জুনায়েদ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আদালতে পেশকার শামিম হোসেন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ মার্চ (রোববার) ধানমন্ডি লেকের পাড়ে মারধরের ওই ঘটনাটি ঘটে। ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, এক কিশোরীকে কেন্দ্র করে নুরুল্লাহ নামের এক কিশোরকে মারধর করছে জুনায়েদ। জুনায়েদের অভিযোগ, নুরুল্লাহ তার বান্ধবীকে নিয়ে কটূক্তি করেছে। কিন্তু বারবার অভিযোগ অস্বীকার করছে নুরুল্লাহ। তারপরও থামছে না জুনায়েদ। বিরতিহীন চড়-থাপ্পড় ও লাথির পর নুরুল্লাহ বসে পড়লে ফিল্মি কায়দায় তাকে তুলে দাঁড় করিয়ে আবারও মারছে জুনায়েদ। লাথি দিতে দিতে জুনায়েদ নরুল্লাহকে বলছে, ‘তুই গুটিবাজ। তুই ওকে খারাপ বলছিস।’ উত্তরে নুরুল্লাহ বলে, ‘আমি গুটিবাজি করলে এখানে একা আসতাম না।’
ফুটেজে দেখা যায়, নুরুল্লাহ মারের হাত থেকে বাঁচতে মিনতি জানাচ্ছে। কিন্তু মায়া হচ্ছে না জুনায়েদের। লম্বা চুলে হাত বুলিয়ে আবার সমানতালে চালাচ্ছে হাত-পা। এ সময় জুনায়েদ বলে, ‘আমি জুনায়েদ, তুই আমাকে চিনিস না।’ নুরুল্লাহর নাক-মুখ দেখিয়ে জুনায়েদ বলে, ‘আমি কাউকে মারলে এই দিক দিয়ে রক্ত বের হয়। তোকে ভাই ভেবেছিলাম, তাই মারতেও মায়া লাগছে।’ অনবরত এমন মারধর দেখে জুনায়েদকে আস্তে মারতে বলে মৃদুল (যে ভিডিও করছে) নামের এক কিশোর। উল্টো জুনায়েদ মৃদুলকেও মারধরে অংশ নেওয়ার আহ্বান জানায়।
ভিডিওতে দেখা যায়, সাত-আটজন হৃষ্টপুষ্ট যুবক তাদের পাশ দিয়ে যাচ্ছেন। তাঁরা একবার শুধু মাথা ঘুরিয়ে মারধরের ঘটনাটি দেখলেন। কিন্তু কেউ কোনো প্রতিবাদ না করেই যে যাঁর কাজে চলে গেলেন।
এদিকে মারধরের ঘটনায় পরদিন সোমবার রাতে ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে। সেই মামলার পর থেকে পলাতক থাকা জুনায়েদ আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করেন জুনায়েদ। আত্মসমর্পণের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: