ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেড কোম্পানির নামে সরকারি খাসজমি দখলের অভিযোগে করা মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম।শাহ আলম গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করেন। ৩০ আগস্ট এ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করে শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সম্প্রতি তিনি হাইকোর্টে জামিন চাইলে হাইকোর্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।শাহ আলমের পক্ষে জামিনের আবেদনের শুনানি করেন ফজলে নূর তাপস।খাসজমি দখলের অভিযোগে গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি—টাস্কফোর্স-৭-এর সদস্য ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন ২০০৭ সালের ৭ জুন বাড্ডা থানায় চারজনের বিরুদ্ধে এই মামলা করেন। আদালত ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন মোহাম্মদ আবু সুফিয়ান, শামছুদ্দিন আহমেদ ও আবুল কালাম শামীম। তাঁরা জামিনে রয়েছেন।মামলার অভিযোগে বলা হয়, আসামি শাহ আলম ও আবু সুফিয়ানের দিকনির্দেশনায় ও পরিকল্পনায় বারিধারা আবাসিক এলাকায় প্রাকৃতিক জলাধার, কৃষি-সেচসহ অবৈধভাবে পানির স্রোতের গতি পরিবর্তন এবং রাস্তা, পুল ও খালের ক্ষতি সাধন করে জমি ভরাট করে প্লটের বরাদ্দ দেওয়া হয়। সরকারি মালিকানাধীন ৮০ দশমিক ২৮ একর জমি দখল করে এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ভঙ্গ করে রাজউকের অনুমতি ছাড়াই ২২ দশমিক ২৮ একর আয়তনের লেক ভরাট করে প্লট প্রস্তুত করা হয়, যা জলাধারা সংরক্ষণ আইন, ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনের ১৫(খ)(১) ধারা এবং দণ্ডবিধির ৩৮৪, ৪৩০, ৪৩১, ৪৪৭ ধারায় অপরাধ।