বখাটেদের মোটরসাইকেল চাপায় নিহত চাঁপা রানী হত্যা মামলার দুই আসামি গতকাল সোমবার ফরিদপুরের একটি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে তাঁদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।আত্মসমর্পণকারী দুই আসামি হলেন জেলার মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের সঞ্জয় বিশ্বাস ওরফে অপু (২০) এবং মধুখালী বাজার এলাকার আলমগীর হোসেন (২১)। তাঁরা মামলার প্রধান আসামি ও জেলহাজতে থাকা বখাটে দেবাশীষ সাহা ওরফে রনির সহযোগী। এ নিয়ে চাঁপা রানী হত্যা মামলার তিন আসামির সবাই বর্তমানে জেলহাজতে।মামলার বাদীপক্ষের আইনজীবী ধনঞ্জয় বলের সহকারী (মুহুরি) পরেশ নাথ সিকদার প্রথম আলোকে জানান, প্রায় পাঁচ মাস আত্মগোপনে থাকার পর আসামি সঞ্জয় ও আলমগীর গতকাল বিচারিক হাকিম আবদুল আল মাসুদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।প্রসঙ্গত, ফরিদপুর চিনিকলের কর্মচারী চাঁপা রানী ভৌমিকের স্কুলপড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করতেন বখাটে দেবাশীষ। এর বিচার চাওয়ায় দেবাশীষ ও তাঁর দুই সহযোগী সঞ্জয় ও আলমগীর গত ২৬ অক্টোবর মধুখালীর পশ্চিম গাড়াখালীতে খাদ্যগুদামের সামনে মোটরসাইকেল চাপা দিয়ে চাঁপা রানীকে হত্যা করেন। এ ঘটনায় চাঁপার ভাই অরুণ কুমার ভৌমিক মধুখালী থানায় হত্যা মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জানান, চাঁপা রানী হত্যা মামলায় দেবাশীষ, সঞ্জয় ও আলমগীরকে অভিযুক্ত করে গত ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তাই সঞ্জয় আর আলমগীরকে রিমান্ডে নেওয়ার সুযোগ নেই।এদিকে হত্যা মামলার সব আসামিকে জেলহাজতে পাঠানোয় চাঁপা রানীর স্বামী স্বপন বিশ্বাস সন্তোষ প্রকাশ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্বপন জানান, চাঁপার মৃত্যুর পর শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার প্রস্তাব অনুসারে তাঁর প্রতিবন্ধী বড় মেয়ের স্বামী বিপ্লব দে-কে ফরিদপুর চিনিকলে মাস্টাররোলে চাকরি দেওয়া হয়েছিল। তাঁরা মন্ত্রীর কাছে বিপ্লবকে একটি স্থায়ী চাকরি দেওয়ার দাবি করেছিলেন।