নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার সাত আসামি গতকাল বুধবার সকালে বড়াইগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণ করা সাত আসামি হলেন: মো. রেজাউল করিম ওরফে রিকন (২৫), হাসেম মৃধা (৩৪), গৌতম ঘোষ (২২), আবদুল মালেক (২৮), হাবিব (২৪), বাবলু মোল্লা (২৪) ও বাবু (২৫)। তাঁরা সবাই এজাহারভুক্ত আসামি।তাঁদের মধ্যে রেজাউল করিম বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বাকি আসামিরা যুবলীগের কর্মী। রেজাউল, বাবলু ও বাবুকে চেয়ারম্যান সানাউল্লাহ হত্যার সময় ধারণ করা ভিডিওচিত্রে দেখা গিয়েছিল।আদালত সূত্রে জানা যায়, সাত আসামি গতকাল বেলা সাড়ে ১১টায় বড়াইগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান ও আরিফ সরকার জামিনের আবেদন জানিয়ে বলেন, আসামিরা নির্দোষ। তাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিক কারণে তাঁদের আসামি করা হয়েছে। রাষ্ট্রপক্ষে পুলিশের কোর্ট উপপরিদর্শক (সিএসআই) রুহুল আমিন আসামিদের জামিনের আবেদনের বিরোধিতা করেন। তিনি আদালতকে জানান, এটি একটি স্পর্শকাতর মামলা। প্রকাশ্য দিবালোকে আসামিরা সবাই মিলে চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। আসামিদের জামিন দিলে এজাহারকারীর পক্ষে মামলাটি পরিচালনা করা কষ্টকর হয়ে পড়বে। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক মাহমুদুল হাসান আসামিদের জামিনের আবেদন নাকচ করেন। তিনি আসামিদের হাতকড়া পরিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে দায়িত্বরত পুলিশ প্রথমে তাঁদের কোর্ট হাজতে এবং পরে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। গত ৮ অক্টোবর সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে সন্ত্রাসীদের হামলায় সানাউল্লাহ নূর নিহত হন। এ ব্যাপারে নিহত নূরের স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে ২৭ জনের নামসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পরে ২৮ অক্টোবর তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে নাম উল্লেখ করে আরও ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন। এসব আসামির মধ্যে পুলিশ এজাহার নামীয় আসামি ছাত্রলীগ কর্মী রাসেল হোসেন ওরফে রাপ্পুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে এজাহারভুক্ত আসামি আশরাফুল ইসলাম ওরফে মিঠু, লুৎফর রহমান ওরফে বাবু ও বাদশাকে গ্রেপ্তার করে।