আত্মসাতে বাধা দেওয়ায় লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ ঋণ-সহায়তা প্রকল্পের টাকা আত্মসাৎ করতে না পেরে মেহেরপুর শহর সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুকুল ইসলাম ও প্রধান অফিস সহকারী আবদুর রাজ্জাক প্রকল্প কর্মকর্তা নাসির উদ্দিনকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার শহর সমাজসেবা কার্যালয়ে ফারুকুলের কক্ষে এ ঘটনা ঘটে।শহর সমাজসেবা কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা ও শহর সমাজকর্মী নাসির উদ্দিন অভিযোগ করেন, শহরের দুস্থদের ঋণ-সহায়তা দিতে সরকারের বরাদ্দ ৩০ লাখ টাকার মধ্যে প্রথম কিস্তির ১০ লাখ টাকা গত ২৭ মে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।দ্বিতীয় কিস্তির ১০ লাখ টাকা আত্মসাতের জন্য মঙ্গলবার বেলা একটার দিকে ফারুকুল তাঁর কার্যালয়ে নাসির উদ্দিনকে ডেকে পাঠান। সেখানে গেলে আবদুর রাজ্জাক ভুয়া নাম-সংবলিত একটি তালিকায় তাঁকে সই দিতে চাপ দেন। তালিকায় সই না করায় ফারুকুল ও রাজ্জাক তাঁকে লাঞ্ছিত করেন এবং ওই কার্যালয়ে আটকে রাখেন। পরে বিকেল পাঁচটার দিকে কার্যালয়ের আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন।জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’আবদুর রাজ্জাক দাবি করেন, কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী এই ঋণসুবিধা নিতে একটি তালিকা তৈরি করেছিলেন। কিন্তু প্রকল্প কর্মকর্তা সেই তালিকায় সই না করায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। তাঁকে লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি।