আত্মসাতের ঘটনা ধরা পড়ল সিসি ক্যামেরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সিসি ক্যামেরায় ধরা পড়ল বয়স্ক ভাতার অর্থ আত্মসাতের ঘটনা। অগ্রণী ব্যাংক লিমিটেড বাগাতিপাড়া শাখায় এ ঘটনা ঘটে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যাংকের ওই শাখার ক্যাশ কর্মকর্তা রেজাউল করিমকে গত বুধবার অন্য শাখায় বদলি করা হয়েছে।

অগ্রণী ব্যাংক বাগাতিপাড়া শাখা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার পাকা ইউনিয়নের মাড়িয়া গ্রামের তছির উদ্দিনের স্ত্রী অপে খাতুন (৬২) তাঁর বয়স্ক ভাতা ওঠানোর জন্য ওই ব্যাংকে যান। প্রতি মাসে ৫০০ টাকা হিসাবে গত এক বছরের ভাতা বাবদ তাঁর ৬ হাজার টাকা পাওয়ার কথা। কিন্তু ব্যাংকের ক্যাশ কর্মকর্তা রেজাউল ওই বৃদ্ধার টিপসই নিয়ে তাঁকে ৩ হাজার টাকা দেন। বাড়িতে গিয়ে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান। ইউপি সদস্য আকাশ আহম্মেদ ওই বৃদ্ধাকে সঙ্গে নিয়ে পরের দিন ব্যাংকের শাখা ব্যবস্থাপক রুহুল আমিনের কাছে যান। তিনি অভিযোগটি শোনার পর ব্যাংকের সিসি ক্যামেরার ছবি পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায়, ওই ব্যাংক কর্মকর্তা অপে খাতুনসহ কয়েকজনকে ৩ হাজার টাকা করে ভয়স্ক ভাতা দিয়েছেন। কম টাকা গ্রহণকারীদের মধ্যে চকতকিনগর গ্রামের মোজাম্মেল হক ও তকিনগর গ্রামের রকিবুদ্দিনকে শনাক্ত করা গেছে।

অপে খাতুন বলেন, ‘আমি বৃদ্ধ মানুষ। লেখাপড়া জানি না। ব্যাংকের লোক যা দিছে, তাই লিয়া বাড়ি আইছি। পরে অন্যদের কাছে জানতে পারি, তারা ৬ হাজার টাকা করে পাইছে। তখন আমি ঘটনাটা মেম্বারকে জানাই।’

ব্যাংকের শাখা ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, ‘ঘটনাটি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত ক্যাশ কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাকি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছিলাম। তিনি তা দিয়েও দিয়েছেন।’ তবে এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত ক্যাশ কর্মকর্তাকে বারবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।

অগ্রণী ব্যাংকের নাটোর অঞ্চলের এজিএম সুজাউদ্দিন সরকার মুঠোফোনে বলেন, ঘটনাটি জানতে পেরে ক্যাশ কর্মকর্তা রেজাউলকে একই উপজেলার লোকমানপুর শাখায় বদলি করা হয়েছে।