আত্মসাতের চাল ফেরতের নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুর রহমানের বিরুদ্ধে আনা ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে জেলা প্রশাসক তাঁকে আত্মসাতের দ্বিগুণ পরিমাণ চাল বিক্রির টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ৭ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বরাবর একটি পরিপত্র (চিঠি) পাঠানো হয়েছে। গত বুধবার পিআইও মহিদুল আলম আত্মসাৎ করা চালের দ্বিগুণ পরিমাণ চাল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে চেয়ারম্যানকে লিখিত নির্দেশ দেন।বাঞ্ছারামপুর ইউএনও কার্যালয় সুত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে ছলিমাবাদ ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসী ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এতে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান মো. আজিজুর রহমান ৮৫০ কেজি চাল আত্মসাৎ করেছেন।মো. আজিজুর রহমান বলেন, ‘আমি কোনো চাল আত্মসাৎ করিনি। কখন, কীভাবে তদন্ত হলো, আমি কিছুই জানি না। আমি চিঠির জবাব দিয়েছি। আমার কাছে চাল বিতরণ করার মাস্টার রোলের কাগজপত্র আছে এবং তা জমাও দিয়েছি।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম বলেন, মাস্টার রোলের কাগজ থাকলেই চেয়ারম্যান যে চাল আত্মসাৎ করেননি, তা প্রমাণিত হয় না। ডিসি স্যারের চিঠিটাই চেয়ারম্যানকে দেওয়া হয়েছে, কোনো কিছুই চাপিয়ে দেওয়া হয়নি।