বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে একটি চিঠি দিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ ব্যবস্থা নিতে বলেছে।
জালিয়াতির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকের ১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সরকারদলীয় সাংসদ বজলুল হক হারুনসহ (বি এইচ হারুন) আরও কয়েকজনের বিরুদ্ধে। কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করে অভিযোগের সত্যতা পেলেও কোনো ব্যবস্থা নেয়নি।
চিঠির জবাবে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, ‘পরিদর্শন প্রতিবেদনে চেকবই প্রদানে অনিয়ম এবং চেকে স্বাক্ষরের গরমিল দেখা গেছে। বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে নগদে, যার প্রকৃত উত্তোলনকারী বা সুবিধাভোগী নির্ণয় করা বাংলাদেশ ব্যাংকের পক্ষে দুরূহ।’
এদিকে, জালিয়াতির শিকার রুমী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খলিলুর রহমানের করা আবেদনপত্রে বাংলাদেশ ব্যাংককে ইঙ্গিত করে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, ‘এই জালিয়াতি ও শঠতার (যদি বাস্তবেই হয়ে থাকে) হাত থেকে অর্থ উদ্ধার ও শাস্তির ব্যবস্থা নিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ কী করছে?’
গত ১২ জানুয়ারি প্রথম আলোতে ‘গ্রাহকের ১৩৪ কোটি টাকা বি এইচ হারুনের পকেটে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগের প্রতিবেদন ও প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে এতে ঝালকাঠি-১ অঞ্চলের এই সাংসদের পাশাপাশি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খান, বংশাল শাখার ব্যবস্থাপক সামসুদ্দিন চৌধুরীসহ আরও অনেকের জড়িত থাকার বিষয় উঠে এসেছে। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালের ভগ্নিপতি বি এইচ হারুন নিজেও ব্যাংকটির পরিচালক।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে পাঠানো চিঠিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্তও করতে বলা হয়েছে। তদন্ত করে আত্মসাৎকারীদের বিরুদ্ধে কী আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো, তাও জানাতে বলা হয়েছে।
যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, অর্থ মন্ত্রণালয়ের চিঠির জবাব দেওয়া হয়েছে এবং দুদককেও আলাদা চিঠি দিয়ে হালনাগাদ তথ্য জানানো হয়েছে। কী জানানো হয়েছে জানতে চাইলে মাহফুজুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যেহেতু চেকের স্বাক্ষর পরীক্ষা-নিরীক্ষা করতে পারে না, তাই দুদক যেন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।’
বি এইচ হারুন ও প্রিমিয়ার ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক সামসুদ্দিন চৌধুরী মিলে গ্রাহকের অজান্তে চেকবই ইস্যু দেখিয়ে ১৩৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি গ্রাহক খলিলুর রহমানের। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। গত বছরের ৬ জুন দুদকের এ তদন্ত শুরু হয়।
নয় মাসের মাথায় দুদক প্রাথমিকভাবে জালিয়াতির তথ্য-প্রমাণ পেয়েছে। দুদক সূত্র জানায়, যেসব চেকের মাধ্যমে টাকা আত্মসাৎ হয়েছে, সেগুলোতে থাকা গ্রাহকের স্বাক্ষরের সঙ্গে রিক্যুইজিশন স্লিপ, চেকের পাতার রেজিস্টার বই এবং হিসাব খোলার স্বাক্ষরের বেশির ভাগেরই কোনো মিল নেই।
তদন্ত কেন শেষ হচ্ছে না, জানতে চাইলে দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি অনেক বড় এবং অনেকগুলো চেক মিলিয়ে দেখতে হচ্ছে। দেরির কারণ এটাই, অন্যকিছু নয়।’
পাশাপাশি ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার সঙ্গে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া হলফনামা মিলিয়ে বি এইচ হারুনের অস্বাভাবিক সম্পদের খোঁজও পেয়েছে দুদক।
২০০৮ সালে সৌদি সরকারের অনুদানে ঘূর্ণিঝড় ‘সিডরে’ ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের জন্য ১৫ হাজার ঘর নির্মাণের কাজ পেয়েছিল রুমী এন্টারপ্রাইজ। কাজ চলাকালীনই গ্রাহকের ব্যাংক হিসাবে সাতটি চেকে ২০৪ কোটি টাকা জমা হয়। এ থেকে ৭০ কোটি টাকা তুললেও কাজ শেষ করার পর বাকি টাকা তুলতে ব্যাংকে গেলে গ্রাহক জানতে পারেন তাঁর হিসাবে কোনো টাকা নেই।