আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১৫ লাখ ৯২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন অগ্রণী ব্যাংক কালকিনি শাখার ক্যাশ কর্মকর্তা সম্রাট মিয়া (২৮)। গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক ফরিদপুরের সহকারী পরিচালক এস এম সাজ্জাদ হোসেন জানান, ব্যাংক কর্মকর্তা সম্রাট মাদারীপুরের কালকিনি উপজেলার চরবিভাগদী গ্রামের মো. শাহাবুদ্দিনের যোগসাজশে ২০১৬ সালে ব্যাংকের একজন গ্রাহকের আমানত থেকে ১৯ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেন। পরে ৩ লাখ ৬৫ হাজার টাকা ওই গ্রাহককে ফেরত দেন সম্রাট। এ অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইনে ওই দুই ব্যক্তির নামে ১১ নভেম্বর মামলা করেন ওই ব্যাংকের প্রিন্সিপাল কর্মকর্তা মো. বাবুল মুফতি।