আত্মসাৎ করা চালের টাকা ফেরত দেওয়ার নির্দেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যুবলীগের দুই নেতার বিরুদ্ধে টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের দুই টন চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই পরিমাণ চালের বিপরীতে ৬৮ হাজার ৩৯০ টাকা ১৪ আগস্টের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, বিশেষ টিআর প্রকল্পের আওতায় উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের দুটি রাস্তা সংস্কারের জন্য দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী তাঁর দলীয় সমর্থক এবং ওই ইউনিয়ন যুবলীগের সদস্য মমিনুল ইসলাম ও মুনসুর আলীকে ওই প্রকল্পের চেয়ারম্যান নিযুক্ত করেন। পরে তাঁরা কোনো কাজ না করেই চাল উত্তোলন করে তা আত্মসাৎ করেন। এ নিয়ে এলাকাবাসী ইউএনওর কাছে অভিযোগ দেয়। ঘটনার তদন্ত করে ইউএনও অভিযোগের সত্যতা পান। পরে তিনি ১৪ আগস্টের মধ্যে ওই চালের মূল্য হিসাবে ৬৮ হাজার ৩৯০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেন।অভিযোগ অস্বীকার করে প্রকল্প চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ সাংসদ মনোয়ার চৌধুরী মুঠোফোনে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার উন্নয়নের জন্য টিআর প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দ নেওয়ার পর প্রকল্প চেয়ারম্যানরা কাজ ঠিকমতো করেছেন কি না, তা তদারকি করা সম্ভব নয়।