আত্মসাৎ করা টাকা ফিরিয়ে দিতে হলো ইউপি সদস্যকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নারী সদস্যের বিরুদ্ধে জালিয়াতি করে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সম্প্রতি ওই ইউপি সদস্য আত্মসাৎ করা চালের দ্বিগুণ মূল্য সরকারি কোষাগারে জমা দিয়েছেন। রাজগাতী ইউপির নারী সদস্য তহশীলা বেগমের বিরুদ্ধে ওই ইউনিয়নের এক দুস্থ নারী জলেহা খাতুনের নাম-ঠিকানা ব্যবহার করে ভিজিডি কার্ডে নিজের ছেলের বউয়ের ছবি লাগিয়ে সরকারি বরাদ্দের ৩৯০ কেজি চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এ ছাড়া ঘরে স্বামী থাকা সত্ত্বেও নিজের পছন্দের কয়েকজন নারীকে বিধবা ভাতার কার্ড করে দেন তিনি। সেই কার্ডগুলোর অনুকূলে পাওয়া বেশির ভাগ টাকা নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ ওঠে তহশীলার বিরুদ্ধে। এ নিয়ে ৫ মে প্রথম আলোয় ‘ঘরে স্বামী তবু তারা বিধবা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া পারভীন ঘটনাটি তদন্ত করার জন্য উপজেলা একাডেমিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে দায়িত্ব দেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ইউএনওর নির্দেশে ৮ জুন তহশীলা বেগম বরাদ্দের দ্বিগুণ টাকা (প্রায় ২১ হাজার) সরকারি কোষাগারে জমা দেন। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।