আত্মসাৎ করা ল্যাপটপে ৫৫ হাজারজনকে অবৈধভাবে ভোটার করার অভিযোগে মামলা
ভোটার তালিকা প্রণয়নে ব্যবহৃত ল্যাপটপ আত্মসাৎ, রোহিঙ্গাসহ ৫৫ হাজারজনকে অবৈধভাবে ভোটার করার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেলে দুদকের চট্টগ্রাম কার্যালয়ে মামলা দুটি হয়।
মামলার আসামিদের মধ্যে আছেন চট্টগ্রাম জেলার সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও বর্তমানে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক খোরশেদ আলম, পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুক ও ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদীন।
ল্যাপটপ আত্মসাৎ ও তা ব্যবহার করে অবৈধভাবে ভোটার অন্তর্ভুক্তির অভিযোগে দুদকের চট্টগ্রামের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন মামলা করেন। মামলায় খোরশেদ আলম, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সাবেক উচ্চমান সহকারী ও বর্তমানে কক্সবাজার রামু উপজেলা নির্বাচন কার্যালয়ে কর্মরত মাহফুজুল ইসলাম, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক রাসেল বড়ুয়া ও পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুককে আসামি করা হয়। ২০১৫ সালের ২১ অক্টোবর থেকে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ল্যাপটপ আত্মসাৎ ও অবৈধ ভোটার অন্তর্ভুক্তি ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তালিকা হালনাগাদ কাজে ব্যবহারের জন্য রাসেল বড়ুয়া, মোস্তফা ফারুক একটি ল্যাপটপ নিয়ে সেখানে যান। মিরসরাই উপজেলার তৎকালীন নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহম্মদ জানান, তিনি ভোটার তালিকা হালনাগাদের জন্য যে পরিমাণ সরঞ্জাম পেয়েছেন, সবকিছু কাজ শেষে ফেরত দিয়েছেন। কিন্তু একটি ল্যাপটপ খুঁজে পাওয়া যাচ্ছিল না।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত এই ল্যাপটপ উদ্ধারের কোনো পদক্ষেপ নেননি।
পরে ল্যাপটপটি ব্যবহার করে রোহিঙ্গাসহ মোট ৫৫ হাজার ৩১০ জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দুদক অনুসন্ধানে জানতে পারে।
মামলার বাদী দুদকের চট্টগ্রামের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, একে অন্যের সহায়তায় অন্যায়ভাবে লাভবান হয়ে অন্যকে লাভবান করতে অসৎ উদ্দেশ্যেই ক্ষমতার অপব্যবহার করে ভোটার তালিকা প্রণয়নের ল্যাপটপ আত্মসাৎ করা হয়েছে এবং পরে সেটি ব্যবহার করে রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অপরাধে এই মামলা করা হয়েছে।
এদিকে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত আজ আরেকটি মামলা করেন। মামলায় ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদীন, চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের সাবেক অফিস সহায়ক নুর আহমদ, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের সাবেক অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নাঈম উদ্দীন, দালাল কক্সবাজার পূর্ব গোমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান, ওবাইদুল্লাহ, রোহিঙ্গা ফয়াজ উল্লাহ ও তাঁর স্ত্রী মাহমুদা খাতুনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ফয়াজ উল্লাহ আত্মস্বীকৃত রোহিঙ্গা। তাঁকে চট্টগ্রামের ডবলমুরিং থানা নির্বাচন কার্যালয়ে ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি ভোটার করা হয়। জয়নালের কাছ থেকে উদ্ধার করা ল্যাপটপে এসব তথ্য পাওয়া যায়। ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে জয়নাল ও আসামিরা লাভবান হয়ে অন্যকে লাভবান করার জন্য জালজালিয়াতির মাধ্যমে এ কাজ করেন।
এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পাঁচলাইশ থানার সাবেক নির্বাচন কর্মকর্তা ও বর্তমানে পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ, চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুরুল আবসার, চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। আর্থিক সুবিধা নিয়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মসনদ পেতে সহায়তা এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে মামলা দুটি হয়।