আত্মসাৎ করা ১৫ লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (সিএ) জহির উদ্দিনের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ ১৭ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে ইউএনও হারুন-উর রশিদ তাঁর কাছ থেকে টাকাগুলো উদ্ধার করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি কার্যালয়ের জলমহাল ইজারা, হাটবাজার ইজারা ও মোবাইল কোর্টের জরিমানা আদায়সহ বিভিন্ন খাতের হিসাবের টাকার গরমিল ধরা পড়ে ইউএনওর হাতে। এরপর তিনি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে কয়েকটি খাতেই লাখ লাখ টাকার হিসাবে গরমিল পান ইউএনও। এরপর রোববার তিনি গরমিল পাওয়া টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অফিস সহকারী জহির উদ্দিন টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। এ সময় ইউএনও অফিস সহকারীকে সরকারি অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ দিলে রোববার রাত নয়টা নাগাদ ১৫ লাখ ১৭ হাজার ৪০০ টাকা ফেরত দেন জহির।
সূত্র জানায়, প্রাথমিক তদন্তে বিভিন্ন সময়ে চালান জালিয়াতির মাধ্যমে আরও প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। এদিকে, আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার পর গতকাল সোমবার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন জহির।
জানতে চাইলে অফিস সহকারীর কাছ থেকে আত্মসাৎ করা টাকা উদ্ধারের কথা নিশ্চিত করেন ইউএনও হারুন-উর রশিদ। গতকাল বিকেলে প্রথম আলোকে তিনি বলেন, উদ্ধার হওয়া ১৫ লাখ ১৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে। অভিযুক্ত অফিস সহকারীর আরও কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ইউএনও।