আত্মসাৎ হওয়া ৭৭ লাখ টাকা সাত বছরেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার লোপাট হওয়া ৭৭ লাখ ৩০ হাজার টাকা সাত বছরেও উদ্ধার হয়নি। ২০০৬ সালে ফাউন্ডেশনের ১২ মাঠ কর্মকর্তা ঋণের ওই টাকা গ্রহীতাদের কাছ থেকে আদায় করে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করে লাপাত্তা হন।
সরকারের এ অর্থ আদায়ে এসএফডিএফ কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। হয়নি মামলাও। ঋণ পরিশোধ করলেও ব্যাংকে জমা না হওয়ায় বিপাকে পড়েছে উপজেলার এক হাজার ক্ষুদ্র কৃষক।
জনতা ব্যাংকের মতলব বাজার শাখা ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন সূত্র জানায়, সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ২০০২ থেকে ২০০৪ সালে উপজেলার ৩২টি গ্রামের এক হাজার ৫০০ ক্ষুদ্র কৃষককে এক কোটি সাত লাখ ৩০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। জনতা ব্যাংকের প্রধান কার্যালয় ও এসএফডিএফের প্রধান কার্যালয়ের চুক্তি অনুযায়ী স্থানীয় জনতা ব্যাংক এ ঋণ দেয়। ঋণ আদায়ের সময়সীমা ছিল ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ঋণের টাকা বিতরণ ও আদায়ের দায়িত্বে থাকে এসএফডিএফ। প্রত্যেক গ্রহীতাকে সর্বোচ্চ ১০ হাজার ও সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ঋণ দেওয়া হয়। ১৮ মাসের মধ্যে গ্রহীতাদের টাকা পরিশোধের কথা ছিল।
জনতা ব্যাংকের মতলব বাজার শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহজালাল জানান, ২০০৬ সাল পর্যন্ত ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা ছানাউল্লাহ মিয়া, জাকির হোসেন, সুশীল কুমার, বিপ্লব কুমার, কাউছার মিয়া, শ্রী কমল, শংকর চন্দ্র, ইলিয়াছ মিয়া, জসিমউদ্দিন, আবদুল মতিন, আবদুল জব্বার ও আবুবকর ছিদ্দিক ৫০০ জনের কাছ থেকে ৩০ লাখ টাকা ঋণ আদায় করে ব্যাংকে জমা দেন। বাকি এক হাজার কৃষকের কাছ থেকে ৭৭ লাখ ৩০ হাজার টাকা আদায় করে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করে গা ঢাকা দেন।
ভুক্তভোগী গ্রহীতা উপজেলার লামছড়ি গ্রামের মিঠুন সরকার বলেন, ‘১৭ হাজার টেয়া ঋণ নিয়া ২০০৬ সালে হেগো কাছে পরিশোধ করি। পরে ব্যাংকে গিয়া জানতে পারি, এক টেয়াও জমা অয় নাই। তাগো জমার বইও ছিল ভুয়া। ঋণ নিয়া খুব বিপদে আছি।’
জনতা ব্যাংক মতলব বাজার শাখার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, টাকা আদায়ে এসএফডিএফের চাঁদপুর অঞ্চলের ব্যবস্থাপককে বারবার তাগাদা দিয়েও কাজ হচ্ছে না। এ ব্যাপারে তাঁরা নীরব। ব্যাংকের চাঁদপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক নূরুল ইসলাম বলেন, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক গত ২৯ অক্টোবর এসএফডিএফের মহাব্যবস্থাপককে এ-সংক্রান্ত একটি চিঠি দেন। তারপর এসএফডিএফ তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ডিসেম্বরে তদন্ত প্রতিবেদন জনতা ব্যাংক এবং এসএফডিএফের প্রধান কার্যালয়ে জমা দেয়। কিন্তু আত্মসাৎ করা টাকা আদায়ের উদ্যোগ নেই।
জানতে চাইলে এসএফডিএফের তৎকালীন মাঠ কর্মকর্তা আবদুল মতিন বলেন, ‘পারিবারিক প্রয়োজনে গ্রহীতাদের কিছু টাকা খরচ করেছি। সেই টাকা দিয়ে দেব।’ ফোন বন্ধ থাকায় অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এসএফডিএফের মতলব দক্ষিণ উপজেলা শাখার বর্তমান ব্যবস্থাপক সেলিম মিয়া জানান, বিষয়টি তদন্ত করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়েছেন। তদন্তে অর্থ আত্মসাতের সত্যতা মিলেছে। পরের পদক্ষেপ কর্তৃপক্ষ নেবে।
২০১২ সালের ৩১ মার্চ প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘কৃষকের ৭৭ লাখ টাকা নিয়ে ১২ কর্মকর্তা লাপাত্তা!’ শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয়।