আত্মহত্যা না দুর্ঘটনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী শহরের রেলগেটে আজ শনিবার সকালে ট্রেনের ধাক্কায় শেলি বাঁশফোড় (৪৫) নামের এক হরিজন নারী মারা গেছেন। পরিবারের দাবি, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে শেলি আত্মহত্যা করে থাকতে পারেন। দুরারোগ্য রোগের চিকিৎসা করাতে না পেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পুলিশ বলছে, আত্মহত্যা নয়, এটি দুর্ঘটনা।

শেলির বাড়ি জয়পুরহাটের চিনিকল হরিজন কলোনিতে। তাঁর আট বছর বয়সী এক ছেলে রয়েছে। স্বামী তিন বছর আগে মারা গেছেন। কোরবানি ঈদের ছুটিতে শেলি তাঁর ছোট বোনের বাড়ি রেলগেট হরিজন কলোনিতে বেড়াতে আসেন। হরিজন কলোনির পাশেই রেললাইন।

প্রত্যক্ষদর্শী ও হরিজন কলোনির সদস্যরা জানান, আজ সকালে শেলি একবার আত্মহত্যার জন্য রেললাইনের কাছে ছুটে আসেন। পরিবারের সদস্যরা এ সময় তাঁকে বুঝিয়ে-সুজিয়ে কলোনিতে ফিরিয়ে নিয়ে যান। এর কিছুক্ষণ পর আবার শেলি দৌড়ে বাড়ির পশ্চিম পাশে রেললাইনের ওপর উঠে আসেন। ঈশ্বরদী জংশন স্টেশন থেকে গোয়ালন্দগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন পাকশীর দিকে যাওয়ার সময় তিনি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন।

শেলির ভাবি চামেলি বাঁশফোড় কলোনিতে নিজের বাসায় প্রথম আলোকে বলেন, তিনি কিছু বুঝে ওঠার আগেই শেলি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। তিনি জানান, শেলি অনেক দিন ধরে যক্ষ্মা, ক্যানসারসহ জটিল কয়েকটি রোগে ভুগছিলেন। অর্থের অভাবে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না। এ নিয়ে শেলি প্রায়ই ভাবির কাছে আক্ষেপ করতেন। রোগযন্ত্রণায় কান্নাকাটি করতেন।

এ মৃত্যুর ঘটনা আত্মহত্যা নয় বলে দাবি করেন ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘সকাল ৮টা ৫০ মিনিটের সময় শহরের রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে। আমার ধারণা, এটি আত্মহত্যা নয়। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি মারা গেছেন।’ তিনি জানান, স্থানীয় পৌর কাউন্সিলরের অনুরোধ ও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।