আত্মহত্যা নয়, তদন্তে হত্যার প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার সাড়ে ১৪ মাস পর সিআইডির তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন নারীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক কাজল কান্তি চৌধুরী।
২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের হালিশহরের মোল্লাপাড়ার একটি বাসায় বিচারক কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদের মৃত্যু হয়। তাঁর মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান দুই নারী। সেখানে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন, বিচারক আত্মহত্যা করেছেন। কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ দীর্ঘদিন চট্টগ্রাম আদালতেও বিচারকের দায়িত্ব পালন করেন। ওই দুই নারী বিচারকের পূর্বপরিচিত। সিআইডি বলছে, হালিশহরের ওই বাসায় বিচারকের যাতায়াত ছিল।
রহস্যজনক এই মৃত্যুর ঘটনার পরদিন হালিশহর থানা-পুলিশ বাদী হয়ে হালিশহরের ওই বাসার পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। তাঁরা হলেন সানজিদা আক্তার, তাঁর মা লাকী আক্তার, বাবা নাছির উদ্দিন, ভাই মো. ইমরান ও গৃহকর্মী রিমা আক্তার। মামলাটি প্রথমে হালিশহর থানা-পুলিশ তদন্ত করে। এক মাস পর সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক কাজল কান্তি চৌধুরী গত বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, বিচারক কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ আত্মহত্যা করেননি। তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের (কাঁচি) আঘাতের জখম রয়েছে। ঘটনা ধামাচাপা দিতে আসামিরা তাঁকে হত্যা করে মরদেহ বাসার জানালার সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করা হয়। একজন লোক আত্মহত্যা করলে আবার নিজেই মাথায় আঘাত কেন করবেন।
তদন্ত কর্মকর্তা বলেন, পূর্বপরিচয় থাকায় বিচারক হালিশহরের মোল্লাপাড়ার ওই বাসায় সেদিন বেড়াতে এসেছিলেন। অভিযোগপত্রে ১৭ জনকে সাক্ষী রাখা হয়েছে। এঁদের মধ্যে বাসার প্রহরী আবু সিদ্দিক ওরফে দিদার সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। তদন্তে উঠে এসেছে, বিচারককে মাথায় আঘাত করে আসামিরা আত্মহত্যা হিসেবে প্রচার করতে মরদেহ বাসার জানালার সঙ্গে ঝুলিয়ে রাখেন। আলামত ধ্বংস করতে পুলিশকে খবর না দিয়ে পরে নিজেরাই মৃতদেহ হাসপাতালে নিয়ে যান।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক কাজল কান্তি চৌধুরী বলেন, তদন্তে বিচারক হত্যায় জড়িত থাকায় সানজিদা আক্তার, তাঁর মা লাকী আক্তার, বাবা নাছির উদ্দিন, ভাই মো. ইমরান ও তাঁদের বাসার গৃহকর্মী রিমা আক্তারকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। এঁদের মধ্যে ইমরান কারাগারে আটক আছেন। পলাতক রয়েছেন নাছির উদ্দিন। উচ্চ আদালত থেকে জামিনে আছেন সানজিদাসহ তিন নারী। বিচারকের সম্পত্তির লোভেই পরিকল্পিতভাবে তাঁকে খুন করেন আসামিরা।
তদন্ত কর্মকর্তা বলেন, মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের মধ্যে বেশ কিছু অসংগতি দেখা যায়। পরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য মৃতদেহের পুনর্ময়নাতদন্ত করতে আবেদন করা হয়। গত বছরের ২৩ নভেম্বর আদালত আবেদনটি গ্রহণ করলে ২ ডিসেম্বর ঢাকার বনানী কবরস্থান থেকে নির্বাহী হাকিমের উপস্থিতিতে মরদেহ তোলা হয়। কিন্তু মরদেহ পচে গলে যাওয়ায় ময়নাতদন্ত করা যায়নি। কিন্তু দারোয়ানের জবানবন্দি ও রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোশাররফ হোসাইন বলেন, তদন্তে সাক্ষ্য প্রমাণে বিচারক হত্যার সঙ্গে তিন নারীসহ পাঁচজন জড়িত থাকার তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত মঙ্গলবার সিআইডির সদর দপ্তর থেকে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন পাওয়া গেছে।
নিহত বিচারক কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদের স্ত্রী নাজিয়া তাবাসসুম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে চট্টগ্রামের হালিশহরে নিয়ে খুন করা হয়। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে কোনো নারী আর স্বামীহারা না হন।’
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি কেন জানতে চাইলে নাজিয়া তাবাসসুম বলেন, ঘটনার পর তাঁর পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর ছেলে ও মেয়ে ছোট। তাঁদের কথা ভেবে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তখন মামলা করা হয়নি।