সপ্তম শ্রেণির ছাত্রী রাফিদা আকতার নিহার আত্মহত্যা করেনি। তিন সৎ ভাই মাথায় আঘাত করে তাকে হত্যা করেছেন। এরপর ঘটনা ধামাচাপা দিতে লাশটি বসার ঘরে ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন তাঁরা। ঘটনার তিন বছর পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধিকতর তদন্তে এসব কথা বলা হয়েছে।
এর আগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ এ ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল।
২০১৩ সালের ৩ আগস্ট রাতে নগরের চান্দগাঁও এলাকার বাসার বসার ঘরে ঝুলন্ত অবস্থায় সপ্তম শ্রেণির ছাত্রী রাফিদার লাশ পাওয়া যায়। প্রথমে এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা করে। কিন্তু পরে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতজনিত কারণে রাফিদার মৃত্যু হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর রাফিদার সৎ বাবা ও চার সৎ ভাইকে আসামি করে আদালতে মামলা করেন মা খালেদা আকতার।
মামলাটি প্রথমে তদন্ত করেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকের হোসেন। তিনি একে ‘আত্মহত্যা’ বলে চূড়ান্ত প্রতিবেদন দেন। এরপর রাফিদার মায়ের নারাজি আবেদনের পর ঘটনাটি পুনঃতদন্ত করতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন আদালত। ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ বদরুজ্জামানও ঘটনাটিকে আত্মহত্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দেন। মামলার বাদী আবারও নারাজি জানালে আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে ২০১৪ সালের নভেম্বরে মামলাটির তদন্ত শুরু করে সিআইডি। তদন্ত শেষে গত ৩১ আগস্ট রাফিদার তিন সৎ ভাই খলিল উদ্দিন (২২), আমজাদ হোসেন (২০) ও আবদুর রহমান আলফাজের (১৭) বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. অহিদুর রহমান। রাফিদার সৎ বাবা শফিউল আলম সওদাগর ও আরেক সৎ ভাই সানাউল্লাহ আরাফাতকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।
রাফিদার সৎ বাবা চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় থাকেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০১২ সালের ৩০ নভেম্বর তিনি রাফিদার মা খালেদা আকতারকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর রাফিদাও মায়ের সঙ্গে থাকতে শুরু করে।
সিআইডির অভিযোগপত্রে উল্লেখ করা হয়, খালেদা আকতারের বিয়ের পর থেকেই নানা বিষয়ে সৎ ছেলেদের সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু হয়। ছেলেরা খালেদা আকতারকে বাড়ি ছাড়া করার হুমকি দেন। এ ছাড়া নিজের কোনো মেয়ে না থাকায় শফিউল আলম সওদাগর রাফিদাকে বেশি স্নেহ করতেন। ঘটনার কয়েক দিন আগে ঈদুল ফিতর উপলক্ষে ছেলেদের পাঁচ হাজার টাকা দিলেও রাফিদাকে দিয়েছিলেন ১০ হাজার টাকা। এসব কিছু মিলিয়ে সৎ ভাইয়েরা রাফিদাকে পথের কাঁটা ভাবতে শুরু করেন। এর জের ধরে তাঁরা প্রতিশোধ নিতে রাফিদাকে হত্যার পরিকল্পনা করেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনার দিন রাতে রাফিদা তার মায়ের সঙ্গে শুয়ে টেলিভিশন দেখছিল। একপর্যায়ে রাফিদার সৎ ভাই সানাউল্লাহ তাকে ডেকে অন্য কক্ষে নিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের গল্প করতে দেখে মা খালেদা আকতার বিরক্ত হয়ে তাঁর আত্মীয়স্বজনকে ফোন করার চেষ্টা করেন। ওই সময় সানাউল্লাহ তাঁর কাছ থেকে মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এক ফাঁকে অপর তিন সৎ ভাই রাফিদাকে কক্ষ থেকে বের করে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেন। এ সময় রাফিদার মা ও সানাউল্লাহ কক্ষের মধ্যে আটকা পড়েন। এরপর তিন ভাই মাথায় আঘাত করে রাফিদাকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশ ঝুলিয়ে একে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেন।
সিআইডির হয়ে প্রথমে মামলাটির তদন্ত করেন পরিদর্শক মো. আবদুল হামিদ। তদন্তের দায়িত্ব পেয়ে তিনি আসামি আলফাজকে গ্রেপ্তার করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. অহিদুর রহমান।
মো. অহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাফিদার প্রতি বাবার স্নেহের মাত্রা দেখে ছেলেরা ঈর্ষাপরায়ণ হয়ে উঠেছিল। ভবিষ্যতে সম্পত্তির ভাগ কমে যেতে পারে, এই আশঙ্কায় বড় তিন ছেলে পরিকল্পিতভাবে রাফিদাকে হত্যা করে। ঘটনার সময় রাফিদার আরেক সৎ ভাই সানাউল্লাহ মামলার বাদীর সঙ্গে কক্ষে আটক থাকায় এবং সৎ বাবা শফিউল আলম বাইরে থাকায় তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এ জন্য তাঁদের অব্যাহতির সুপারিশ করেছি।’
তদন্ত কর্মকর্তা বলেন, অভিযোগপত্রে উল্লিখিত তিন আসামির মধ্যে আলফাজ জামিনে আছেন। খলিল ও আমজাদ পলাতক।
মামলার বাদী খালেদা আকতার বলেন, ‘আসামিপক্ষ প্রভাব খাটিয়ে আমার মেয়ের হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে প্রমাণের অনেক চেষ্টা করেছে। অবশেষে এটি হত্যা হিসেবে প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন, ‘তবে এজাহারভুক্ত দুই আসামিকে কেন বাদ দেওয়া হলো বুঝতে পারছি না।’