আত্মহত্যা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল ‘ব্রাইটার টুমরো’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু l প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে গতকাল ‘ব্রাইটার টুমরো’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু l প্রথম আলো

দেশের মানুষের মধ্যে আত্মহনন প্রবণতা প্রতিরোধে আত্মহত্যাবিরোধী প্রচারণা জোরদার, জরুরি পরামর্শ সেবা প্রদান এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ‘ব্রাইটার টুমরো’ নামের একটি সংগঠন যাত্রা শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মাদ কামাল উদ্দিন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান ভূঁইয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আ ম সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন গবেষণার বরাত দিয়ে বলা হয়, ২০১৪ সালে সারা বিশ্বে আট লাখের বেশি মানুষ আত্মহত্যা করেছে। ২০২০ সাল নাগাদ এ সংখ্যা সাড়ে ১৫ লাখে দাঁড়াবে। বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বাড়ার পেছনে আলোচকেরা প্রধান যে কারণগুলো চিহ্নিত করেন সেগুলো হচ্ছে যৌতুক ও পারিবারিক নির্যাতন, সম্পর্কের জটিলতা, অর্থনৈতিক সংকট, দ্রুত নগরায়ণ ও পরিবারতন্ত্রের বিলুপ্তি, নৈতিক অবক্ষয়, আত্মহত্যার উপকরণের সহজপ্রাপ্যতা, গণমাধ্যমে আত্মহত্যাবিষয়ক সংবাদ পরিবেশনার ক্ষেত্রে সচেতনতার অভাব ইত্যাদি। তাঁরা বলেন, বিভিন্ন কারণে পরিবর্তিত সমাজবাস্তবতায় মানুষের আবেগের ব্যবহার কমে যাচ্ছে। এমনকি মা-বাবারাও সন্তানের ভালো চাইতে গিয়ে তাঁদের মনের ভাষা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলছেন। তাই তাঁদের পরামর্শ, সন্তানের মঙ্গল চাওয়াই শেষ কথা নয়। তাঁদের ভাষা বুঝতে হবে। একই সঙ্গে আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো, আত্মহত্যার উপকরণের সহজপ্রাপ্তি হ্রাস করা, ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও গোষ্ঠীর জন্য বিশেষ পরামর্শ সেবা প্রদান, সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং গণমাধ্যমে আত্মহত্যাবিষয়ক সংবাদ পরিবেশনার ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন তাঁরা। 

‘ব্রাইটার টুমরো’ সংগঠনটির প্রধান উদ্যোক্তা সাংবাদিক জয়শ্রী জামানের দুই সন্তান গত বছর একই সঙ্গে আত্মহত্যা করে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘সংগঠনটির কার্যক্রম শুরু করার জন্য এ দিনটাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আজ আমার ছেলের জন্মদিন। আমি চাই ওর জন্মদিনটা এমন হোক, যেদিন পৃথিবীর কোথাও কেউ আত্মহত্যা করবে না। যে জীবন আমরা দিতে পারি না, সে জীবন বিনাশের কোনো অধিকার আমাদের নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।